ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে টরন্টো স্টেডিয়ামের বাইরে ছড়িয়ে পড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক অবসর নিয়ে জোর গুঞ্জন।
বিষয়টির সূত্র হিসেবে সামনে আসে তার বোন কাতিয়া আভেইরোর একটি সাক্ষাৎকার, যেখানে তিনি দাবি করেন ২০২৬ বিশ্বকাপই হতে পারে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ আসর।
তবে ম্যাচ শেষে এই গুঞ্জন কার্যত উড়িয়ে দিয়েছেন ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা।
শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘এই মুহূর্তে আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়। জিতি বা হারি, টুর্নামেন্ট শেষ হওয়ার পর আমি পরিবারের সঙ্গে শান্তভাবে কথা বলব। এরপর সবার জন্য যা ভালো হবে, সেই সিদ্ধান্তই নেব।’
তিনি আরও বলেন, ‘আমি কখনোই আবেগের বশে সিদ্ধান্ত নিই না। সবকিছুই সময় নিয়ে, শান্তভাবে করি। এই বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করাই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এর আগে ম্যাচের আগে কাতিয়া আভেইরো সাংবাদিকদের বলেন, ‘যতদিন ও মাঠে আছে, উপভোগ করুন। নির্ভরযোগ্য সূত্র থেকে আমি যা জানি, সমর্থকরা হয়তো এবার তাকে জাতীয় দল থেকে বিদায় জানাতে পারেন।’
তবে রোনালদোর বক্তব্যে স্পষ্ট, অবসরের সিদ্ধান্ত এখনই নয়—বিশ্বকাপ শেষে সবকিছু বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









