২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই অপরাজিত দল—ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
টুর্নামেন্টজুড়ে দাপট দেখিয়ে ফাইনালে এসেছে দুই দলই। তাই শিরোপার লড়াইয়ে কাউকে স্পষ্টভাবে এগিয়ে রাখা কঠিন হলেও অভিজ্ঞতায় কিছুটা এগিয়ে অস্ট্রেলিয়া। এটি তাদের অষ্টম ফাইনাল, অন্যদিকে ইংল্যান্ড খেলছে পঞ্চম ফাইনাল।
অস্ট্রেলিয়া এবার সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে ২০০৯ সালে লর্ডসেই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ১৭ বছর পর আবারও ট্রফি জয়ের অপেক্ষায় ইংল্যান্ড।
বিশ্বকাপ ইতিহাসে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে স্পষ্ট আধিপত্য অস্ট্রেলিয়ার। এর আগে তিনটি ফাইনালে মুখোমুখি হয়ে সবগুলোতেই জিতেছে অজিরা। তবে ২০০৯ সালে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল ইংল্যান্ড।
পরিসংখ্যান বলছে, ব্যাটিংয়ে দুই দলই দুর্দান্ত ফর্মে আছে। অস্ট্রেলিয়ার রান রেট ৯.৪, ইংল্যান্ডের ৯.২—যা এবারের আসরে সর্বোচ্চ। দুই দলই পেয়েছে সাতটি করে ব্যক্তিগত অর্ধশতক।
বোলিং বিভাগেও দুই দল শক্তিশালী। অস্ট্রেলিয়ার বোলারদের ইকোনমি ৬.২ ও গড় ১৬.৩, আর ইংল্যান্ডের ইকোনমি ৭.১ ও গড় ১৮.৯।
ইংল্যান্ডের হয়ে ফাইনালে বড় ভরসা অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট, যিনি সেমিফাইনালে ৪৭ বলে ৭৫ রানের দারুণ ইনিংস খেলেন। তার সঙ্গে আছেন অভিজ্ঞ হিদার নাইট ও সোফি একলেস্টোন।
অস্ট্রেলিয়ার প্রধান অস্ত্র বেথ মুনি, যিনি সেমিফাইনালে অপরাজিত ৬১ রান করে দলকে ফাইনালে তুলেছেন। নকআউট ম্যাচে তার গড় ৭২, যা তার বড় ম্যাচের ধারাবাহিকতাকেই তুলে ধরে।
তবে অস্ট্রেলিয়ার জন্য বড় দুশ্চিন্তা এলিস পেরির ফিটনেস। সেমিফাইনালে পেশিতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেও তিনি অনুশীলন করেছেন। ম্যাচের দিন তার অবস্থা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্ভাব্য একাদশে দুই দলই অভিজ্ঞতা ও ভারসাম্যের ওপর ভরসা রাখছে।
ইংল্যান্ড: অ্যামি জোনস, ড্যানি ওয়াট-হজ, ন্যাট সিভার-ব্রান্ট, অ্যালিস ক্যাপসি, হিদার নাইট, ফ্রেয়া কেম্প, ড্যানি গিবসন, চার্লি ডিন, সোফি একলেস্টোন, লিনসি স্মিথ, লরেন বেল।
অস্ট্রেলিয়া: জর্জিয়া ভল, বেথ মুনি, ফিবি লিচফিল্ড, এলিস পেরি, অ্যাশলি গার্ডনার, জর্জিয়া ওয়ারহ্যাম, অ্যানাবেল সাদারল্যান্ড, নিকোলা ক্যারি, সোফি মলিনিউক্স, কিম গার্থ, লুসি হ্যামিল্টন।
লর্ডসের মঞ্চে তাই আজ প্রশ্ন একটাই—ইংল্যান্ড কি ঘরের মাঠে দ্বিতীয় শিরোপা তুলবে, নাকি অস্ট্রেলিয়া যোগ করবে তাদের সপ্তম বিশ্বকাপ ট্রফি?


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









