বিশ্বকাপের শেষ ষোলোতে সোমবার (৬ জুলাই) রাতে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল।
বহুল প্রতীক্ষিত এই আইবেরিয়ান ডার্বির আগে পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্সে স্পেনকে এগিয়ে রাখছে অপটা সুপার কম্পিউটার।
অপটার ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনে নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৮.৬ শতাংশ, পর্তুগালের ২৫.৬ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৫.৮ শতাংশ।
লুইস দে লা ফুয়েন্তের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। এবারের বিশ্বকাপে চার ম্যাচে এখনো কোনো গোল হজম করেনি দলটি। টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকা স্পেন এই ম্যাচে হার এড়াতে পারলে নিজেদের দীর্ঘতম ৩৫ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করবে।
অন্যদিকে রবার্তো মার্টিনেজের পর্তুগাল নাটকীয় জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। দলটির সবচেয়ে বড় ভরসা অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, যার স্পেনের বিপক্ষে চারটি গোল রয়েছে। ২০১৮ বিশ্বকাপে এই প্রতিপক্ষের বিপক্ষে তার হ্যাটট্রিক এখনো স্মরণীয়।
দুই দলের শেষ ১২টি প্রতিযোগিতামূলক ম্যাচে পর্তুগাল জিতেছে মাত্র একবার। তবে সর্বশেষ দেখা হওয়া ২০২৫ সালের নেশনস লিগের ফাইনালে টাইব্রেকারে স্পেনকে হারিয়েই শিরোপা জিতেছিল পর্তুগাল।
সব পরিসংখ্যান স্পেনের পক্ষে থাকলেও, নকআউট ফুটবলে এক মুহূর্তই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। তাই কোয়ার্টার ফাইনালে কে উঠবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









