ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই ধারাবাহিকতা টি-টোয়েন্টিতে ধরে রাখতে পারেনি টাইগাররা। বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরে সফর শুরু করেছে বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ১৯ ওভারেই অলআউট হয়ে বাংলাদেশ থামে ১৩৮ রানে।
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৫ রান যোগ হওয়ার পর ১৫ বলে ১২ রান করে আউট হন সাইফ হাসান। অন্য ওপেনার তানজিদ হাসান তামিম আক্রমণাত্মক ব্যাটিংয়ের ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। মাত্র ৮ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি।
মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের ব্যর্থতায় চাপে পড়ে সফরকারীরা। সেই অবস্থায় এক প্রান্ত আগলে লড়াই করেন ইয়াসির আলি রাব্বি। দীর্ঘদিন পর একাদশে সুযোগ পাওয়া এই ব্যাটার ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। তাকে কিছুটা সঙ্গ দেন শেখ মেহেদি, তবে ১৮ বলে ১৯ রানের বেশি করতে পারেননি। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদের ব্যাট থেকেও উল্লেখযোগ্য রান না আসায় ১৯ ওভারেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জিম্বাবুয়ের দুই ওপেনার। চতুর্থ ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে ফিরিয়ে ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। মারুমানি ৯ বলে ১৪ রান করেন।
এরপর ডিয়ন মেয়ার্স ২০ রান যোগ করলেও ইনিংসের মূল ভরসা ছিলেন ব্রায়ান বেনেট। ৩০ বলে ৪৪ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। মাঝের দিকে সিকান্দার রাজা ও রায়ান বার্লও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষদিকে ব্র্যাড ইভান্স ১০ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলে জিম্বাবুয়ের সংগ্রহ ১৭০ রানে নিয়ে যান।
এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









