আটলান্টায় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।
ফাইনালের আগে আলোচনার কেন্দ্রে রয়েছেন দুই প্রজন্মের দুই তারকা—লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। ৩৯ বছর বয়সী মেসি ও ১৯ বছর বয়সী ইয়ামাল এবারই প্রথম সরাসরি মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন। তবে তাদের পরিচয় নতুন নয়; প্রায় দুই দশক আগে এক অদ্ভুত মুহূর্তে দেখা হয়েছিল তাদের।

২০০৭ সালে বার্সেলোনার ক্যাম্প ন্যুর ড্রেসিংরুমে তোলা একটি ছবি ২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, বাথটাবে বসে থাকা ছোট্ট ইয়ামালকে কোলে নিয়েছেন তরুণ মেসি। পাশে ছিলেন ইয়ামালের মা শেইলা ইবানা।
ছবিটি তুলেছিলেন ফ্রিল্যান্স আলোকচিত্রী জোয়ান মনফোর্ট। বার্সেলোনার সংবাদপত্র ‘দিয়ারিও স্পোর্ট’ ও ইউনিসেফের যৌথ উদ্যোগে তৈরি একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ছবিগুলো ধারণ করা হয়েছিল।

মনফোর্ট ২০২৪ সালে বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, লটারিতে জিতে ইয়ামালের পরিবার বার্সার এক খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছিল। সেই আয়োজনেই মেসির সঙ্গে ছোট্ট ইয়ামালের দেখা হয়।
তিনি বলেন, তখন মেসি ছিলেন খুবই লাজুক ও অন্তর্মুখী। ড্রেসিংরুমে পানি ভর্তি বাথটাবের মধ্যে একটি শিশুকে দেখে প্রথমে কীভাবে তাকে কোলে নেবেন, তা বুঝতে পারছিলেন না। পরে ইয়ামালের মা শেইলা তাকে সহযোগিতা করেন।
প্রায় ১৯ বছর পর সেই শিশুই এখন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা। মেসি বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে ক্লাব ছেড়েছেন, আর ইয়ামাল মাত্র ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে বার্সার মূল দলে অভিষেক করে ইতোমধ্যে তিনটি লা লিগা ও ইউরো ২০২৪ শিরোপা জিতেছেন।

মেসির মুখোমুখি হওয়ার স্বপ্নের কথাও আগে জানিয়েছিলেন ইয়ামাল। তিনি বলেছিলেন, ফাইনালে মেসির বিপক্ষে খেলতে পারা হবে তার জন্য বিশেষ এক মুহূর্ত। সেই সুযোগ এবার বাস্তবে পরিণত হয়েছে।
অনেকে ইয়ামালকে মেসির উত্তরসূরি হিসেবে দেখলেও, আর্জেন্টাইন কিংবদন্তির কীর্তি ছোঁয়া তার জন্য এখনো দীর্ঘ পথের ব্যাপার। তবে সেই পথচলার সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হতে পারে বিশ্বকাপের ফাইনালে মেসির বিপক্ষে লড়াই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









