নেপালের মাটিতে সদ্য সমাপ্ত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বল হাতে আলো ছড়িয়েছেন পেসার মারুফা আক্তার আর অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে নারী টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ২০৬ ধাপ উন্নতি করেছেন তিনি।
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন মারুফা। নেদারল্যান্ডসের বিপক্ষেও একটি উইকেট পান এই টাইগ্রেস পেসার। এমন পারফরম্যান্সে ২০৬ ধাপ এগিয়ে বর্তমানে যৌথভাবে ৯২তম স্থানে অবস্থান করছেন তিনি।
মারুফা ছাড়াও বোলিংয়ে উন্নতি করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে ১০ রান দিয়ে ৩ উইকেট নেওয়া স্পিনার নাহিদা আক্তার, ৮ ধাপ এগিয়ে ২৮তম স্থানে অবস্থান করছেন তিনি। আর লেগ স্পিনার স্বর্ণা ৪৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭৪তম স্থানে।
ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি ও দিলারা আক্তার। বাছাই পর্বে সাত ম্যাচে ২৬২ রান করে ক্যারিয়ার সেরা স্থানে জায়গা করে নিয়েছেন সোবহানা। তিনি ১৬ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে এসেছেন।
স্কটল্যান্ডের বিপক্ষে ৫৬ ও নেদারল্যান্ডস ম্যাচে ৫০ রান করেন জ্যোতি। তাতে তিন ধাপ এগিয়ে তিনি আছেন ১৯তম স্থানে। দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে এখন ৬৫ নম্বরে অবস্থান করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









