মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার গেমে খেলতে পারবেন না আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি ও রদ্রিগো দে পল। শনিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে এমএলএস কর্তৃপক্ষ।
লিগা এমএক্সের বিপক্ষে বুধবার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে দলে নির্বাচিত হয়েছিলেন মেসি ও দে পল। তবে বিশ্বকাপ-পরবর্তী খেলোয়াড়দের বিশ্রাম ও ফেরার সময় নিয়ে এমএলএস ও খেলোয়াড়দের সংগঠনের (এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন) চুক্তির কারণে তাদের বাদ দেওয়া হয়েছে।
এমএলএস জানিয়েছে, ২০২৬ মৌসুম শুরুর আগে করা ওই চুক্তি অনুযায়ী, ফিফা বিশ্বকাপ থেকে ফেরার পর প্রতিটি খেলোয়াড়ের বিশ্রাম ও মাঠে ফেরার বিষয়টি ক্লাবগুলো আলাদাভাবে নির্ধারণ করবে। সেই নিয়মের আওতায় মেসি ও দে পলকে অল-স্টার গেম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দুই তারকার অনুপস্থিতিতে এমএলএস চারজন নতুন খেলোয়াড়কে দলে যুক্ত করেছে। তারা হলেন ইন্টার মিয়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর গুইলহার্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিঙ্কারনাগেল।
মেসি ও দে পল না থাকলেও অল-স্টার দলে থাকছেন সন হিউং-মিন ও টমাস মুলারের মতো তারকা ফুটবলাররা।
সূত্র : এএস


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









