লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর নিশ্চিত করেছে আর্জেন্টিনার ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ। গত কয়েক ঘণ্টা ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরে ক্লাবটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’ ও ‘লা নাসিওন’ও হোর্হে মেসির মৃত্যুর খবর প্রকাশ করেছে।
এক বিবৃতিতে নিউয়েলস ওল্ড বয়েজ জানায়, রোজারিও শহরে ৬৮ বছর বয়সে হোর্হে মেসির মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্লাবটি।

বিশ্বকাপ চলাকালীনই হোর্হে মেসির অসুস্থতার বিষয়টি সামনে এসেছিল। ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন লিওনেল মেসি। ওই ম্যাচে হ্যাটট্রিক করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন, ব্যক্তিগতভাবে কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এর কিছুদিন পর মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হোর্হে মেসি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
লিওনেল মেসির ক্যারিয়ারে তার বাবার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠের বাইরে ছেলের ক্যারিয়ারের বিভিন্ন সিদ্ধান্তে অভিভাবক ও পরামর্শদাতা হিসেবে পাশে ছিলেন তিনি। মেসির এজেন্ট হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন হোর্হে মেসি।
পেশাগত জীবনে তিনি ছিলেন প্রশিক্ষিত রাসায়নিক প্রযুক্তিবিদ। তবে ফুটবলের সঙ্গেও তার গভীর সম্পর্ক ছিল। নিউয়েলস ওল্ড বয়েজের যুব দলে মাঝমাঠের খেলোয়াড় হিসেবে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু সামরিক চাকরির বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত ফুটবল থেকে সরে যেতে হয় তাকে।
লিওনেল মেসির বিশ্বসেরা ফুটবলার হয়ে ওঠার পথচলায় নেপথ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন হোর্হে মেসি। তার মৃত্যুতে মেসি পরিবার ও ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









