বিশ্বকাপ চলাকালীনই গুরুতর অসুস্থতার খবর জানা গিয়েছিল লিওনেল মেসির বাবা হোর্হে মেসির। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর শনিবার (৮ আগস্ট) রোজারিওতে মারা যান ৬৮ বছর বয়সী হোর্হে। বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে পৌঁছেছেন মেসি।
ফুটবলে মেসির উত্থানের পুরো পথচলায় তার বাবা ছিলেন অন্যতম প্রধান সঙ্গী। কখনো অভিভাবক, কখনো এজেন্ট হিসেবে ছেলের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হোর্হে মেসি।
স্থানীয় সময় শুক্রবার থেকে শনিবারের মধ্যবর্তী রাতে, প্রায় রাত ২টার দিকে মারা যান হোর্হে মেসি। তার মৃত্যুর কারণ ও পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
এএফপির তথ্য অনুযায়ী, ফোর্ট লডারডেল থেকে রওনা হয়ে স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৪০ মিনিটে রোজারিওতে পৌঁছান মেসি। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে পুলিশের নিরাপত্তাবেষ্টনীতে একটি ভ্যানে করে বিমানবন্দর ছাড়েন তিনি।
রোজারিওর কাছের শহর পেরেজে হোর্হে মেসিকে সমাহিত করা হবে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শেষবিদায়ের আয়োজন হবে একান্ত পারিবারিক পরিসরে। সেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।
তবে মেসির বাবাকে যেখানে সমাহিত করা হবে, সেই কবরস্থানের ফটকে এরই মধ্যে জড়ো হয়েছেন অসংখ্য ভক্ত। প্রিয় তারকার কঠিন সময়ে পাশে থাকার জন্যই সেখানে ভিড় করেছেন তারা।
বাবার শেষকৃত্যে অংশ নেওয়ার পাশাপাশি শোকাহত পরিবারের পাশে থাকতে চান মেসি। বিশেষ করে মা সেলিয়ার পাশে থাকার কথা রয়েছে তার।
হোর্হে মেসির মৃত্যুর কারণে ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের গ্রুপ পর্বে মন্টেরির বিপক্ষে ম্যাচ থেকে মেসিকে অব্যাহতি দেওয়া হয়েছে। শেষকৃত্যের পর তার মায়ামিতে ফেরার কথা থাকলেও তাঁকে দ্রুত ফেরানোর পরিকল্পনা নেই ইন্টার মায়ামির।
এদিকে হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মেসি ও তার পরিবারের প্রতি বিশ্ব ফুটবলের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে অসংখ্য সমবেদনা ও ভালোবাসার বার্তা। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ বিভিন্ন ক্লাব শোক প্রকাশ করেছে।
অন্যদিকে বাবার মৃত্যুর দিনে মেসির স্বদেশি ও সতীর্থ রদ্রিগো ডি পলও তার গোল হোর্হে মেসিকে উৎসর্গ করেছেন। শোকের এই সময়ে মেসি পরিবারের পাশে দাঁড়িয়েছে পুরো ফুটবল বিশ্ব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









