বেলফাস্টে গতকাল রাতে আফগানিস্তান–আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের পর ওয়েস্ট ইন্ডিজের বাছাইপর্বে অবনমন প্রায় নিশ্চিত হয়ে যায়। আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। ৫০ ওভারের বিশ্বকাপে এ নিয়ে টানা চতুর্থবার খেলবে দলটি।
২০২৭ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
বর্তমানে ১০২ রেটিং নিয়ে চতুর্থ স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ৬৩ রেটিং নিয়ে এগারতম স্থানে আছে জিম্বাবুয়ে। সেপ্টেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি করে ওয়ানডে আছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের। ঐ তিন ম্যাচ প্রোটিয়ারা হারলে বা জিম্বাবুয়ে জিতলে প্রথম আট দলের নীচে বা আট দলের উপরে উঠার সুযোগ নেই এই দু’দলের।
এছাড়া ৯১ রেটিং নিয়ে র্যাংকিংয়ে অষ্টম স্থানে আছে আফগানিস্তান। ৮৩ রেটিং নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭। ৩০ সেপ্টেম্বরের আগে মাত্র দু’টি ওয়ানডে বাকী ক্যারিবীয়দের। অন্যদিকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে আছে। যা এখনও নিশ্চিত নয়।
তাই বাংলাদেশ তিন ম্যাচ হারলে এবং ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ জিতলে র্যাংকিংয়ের হিসাব-নিকাশও পাল্টে যাবে।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সরাসরি বিশ্বকাপে খেলা এখনও ঝুলে আছে। তবে বাংলাদেশ আর কোন ম্যাচ না খেললে এবং ওয়েস্ট ইন্ডিজ বাকী দুই ম্যাচ জিতলেও বর্তমান র্যাংকিংই অব্যাহত থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে এবং বাছাই পর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।
এখন পর্যন্ত আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা, ইংল্যান্ড, আফগানিস্তান এবং দুই স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









