আরবি লাইপজিগের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করার পর মাঠেই ঢলে পড়েছিলেন বায়ার্ন মিউনিখের তারকা জামাল মুসিয়ালা। এতে সতীর্থ ও সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও ক্লাব জানিয়েছে, ২৩ বছর বয়সী এই ফুটবলার এখন ভালো আছেন।
বদলি হিসেবে মাঠে নামা মুসিয়ালা ম্যাচের ৮১ মিনিটে গোল করেন। এর প্রায় ১৫ মিনিট পর হঠাৎ মাঠে পড়ে যান তিনি। দুই দলের চিকিৎসক দল দ্রুত তার কাছে ছুটে যায়। কিছুক্ষণ পর নিজেই উঠে দাঁড়িয়ে টানেলের দিকে হেঁটে যান মুসিয়ালা। পরে ৮৮ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
ম্যাচ শেষে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবারল বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে ভালো আছে।’ তবে ঠিক কী কারণে মুসিয়ালা মাঠে পড়ে গিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ক্লাব।
জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদনে ধারণা করা হয়েছে, মাথা ঘোরা বা অতিরিক্ত গরমের কারণে এমনটা হতে পারে। ম্যাচের সময় মিউনিখের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তবে ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত নয়।
মুসিয়ালার সাম্প্রতিক চোটের ইতিহাসও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গত গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ম্যাচে গুরুতর পায়ের চোট পেয়ে ফিবুলা ভেঙেছিল তার। এরপর কয়েক মাস মাঠের বাইরে থাকার পর জানুয়ারিতে ফিরেছিলেন তিনি।
সম্প্রতি ব্যক্তিগত পুনর্বাসন শেষে দলীয় অনুশীলনে ফেরেন মুসিয়ালা। পূর্ণ ফিটনেস ফেরাতে তার খেলার চাপও ধীরে বাড়াচ্ছিল বায়ার্ন। তাই প্রীতি ম্যাচে এই ঘটনা কিছুটা দুশ্চিন্তার হলেও আপাতত মুসিয়ালা ভালো থাকায় স্বস্তিতে ক্লাব ও সমর্থকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









