আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে দলে নিতে নতুন প্রস্তাব দিয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। অ্যাস্টন ভিলার সঙ্গে আলোচনায় চুক্তি চূড়ান্ত করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটি।
স্প্যানিশ দৈনিক এএসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্তিনেজের জন্য জুভেন্টাসের নতুন প্রস্তাবে ৭০ লাখ ইউরো নিশ্চিত ফি এবং আরও ৩০ লাখ ইউরো বোনাস দেওয়ার কথা রয়েছে। অ্যাস্টন ভিলা অবশ্য তাদের এই গোলরক্ষককে ছাড়তে ১ কোটি ইউরো দাবি করছে।
গত কয়েক সপ্তাহের আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও এখনো চুক্তির পথে বেশ কিছু বাধা রয়েছে। এর মধ্যে মার্তিনেজের শারীরিক অবস্থাও অন্যতম। বিশ্বকাপ থেকেই ডান হাতের রিং ফিঙ্গারের চোটে ভুগছেন তিনি। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক।
বয়সও জুভেন্টাসের চিন্তার অন্যতম কারণ। অভিজ্ঞ মার্তিনেজকে দলে পেতে আগ্রহী হলেও ৩৩ বছর বয়সী একজন গোলরক্ষকের জন্য বড় অঙ্কের অর্থ খরচ করতে চাইছে না ক্লাবটির ব্যবস্থাপনা।
এর সঙ্গে রয়েছে জুভেন্টাসের আর্থিক সীমাবদ্ধতা। সাম্প্রতিক মৌসুমগুলোতে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়া এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে দলবদলের বাজারে সতর্ক অবস্থানে রয়েছে ইতালিয়ান ক্লাবটি। তাই একবারে ১ কোটি ইউরো পরিশোধের পরিবর্তে ৭০ লাখ ইউরো নিশ্চিত ফি ও ৩০ লাখ ইউরো বোনাসের প্রস্তাব দিয়েছে তারা।
এদিকে জুভেন্টাসের সঙ্গে আলোচনা চলার মধ্যেই মার্তিনেজের সম্ভাব্য বিদায়ের প্রস্তুতি শুরু করেছে অ্যাস্টন ভিলা। কোচ উনাই এমেরি ইতোমধ্যে গোলপোস্টের জন্য বিকল্প খুঁজছেন।
আগামী মৌসুমে গোলরক্ষক হিসেবে জাপানের জিওন সুজুকিকে প্রধান পছন্দ হিসেবে বিবেচনা করছে ভিলা। পিএসজির সঙ্গে এই জাপানি গোলরক্ষকের দলবদলের আলোচনা আটকে যাওয়ায় তাকে দলে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
চুক্তি চূড়ান্ত হলে আগামী মৌসুমে এমেরির প্রথম পছন্দের গোলরক্ষক হতে পারেন সুজুকি।
প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। একদিকে জুভেন্টাস অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে, অন্যদিকে মার্তিনেজের সম্ভাব্য বিদায়ের কথা মাথায় রেখে বিকল্প গোলরক্ষকের প্রস্তুতি নিচ্ছেন এমেরি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









