স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। তবে হারের চেয়েও বেশি আলোচনা তৈরি হয় লিওনেল স্কালোনির দলের নিষ্প্রভ পারফরম্যান্স নিয়ে। এরপর ড্রেসিংরুমে লিওনেল মেসির একটি ভিডিওসহ নানা ঘটনা ঘিরে সমর্থকদের একাংশের মধ্যে ছড়িয়ে পড়ে ‘ষড়যন্ত্র তত্ত্ব’। যদিও শুরু থেকেই এসব দাবি নাকচ করে আসছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এবার আবেগঘন এক ভিডিও প্রকাশ করে সেই প্রসঙ্গেই বার্তা দিয়েছে সংস্থাটি।
ভিডিওতে বিশ্বকাপে আর্জেন্টিনার পথচলা, একের পর এক ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে ওঠার স্মৃতি তুলে ধরা হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে কখনো চেষ্টা না থামানোর বার্তাও দেওয়া হয়েছে।

বিশেষ ভিডিওতে বিশ্বকাপযাত্রার বিভিন্ন মুহূর্তের ছবি দেখানোর সময় ধারাভাষ্যে বলা হয়, ‘এক মাস আগে এমন কিছু ঘটেছিল, যা অনেকেই চাননি। আর্জেন্টিনা আবারও একটি বিশ্বকাপ ফাইনাল খেলেছে।’ এরপর দলের কঠিন পথ পেরিয়ে ফাইনালে ওঠার বিষয়টি তুলে ধরে বলা হয়, নানা বাধা পেরিয়ে তারা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে।
ভিডিওর পরের অংশে ফাইনালের পর ছড়িয়ে পড়া বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ও আর্জেন্টিনাবিরোধী প্রচারণার প্রসঙ্গ আসে। এএফএর বার্তা ছিল, কেউ যদি বলে ‘কিছু একটা ঘটেছিল’, তাহলে উত্তর হবে—হ্যাঁ, ঘটেছিল। তবে সেটি ছিল এমন একটি দলের গল্প, যারা জয়ের জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছিল, শেষ পর্যন্ত লড়াই করেছে এবং কখনো হাল ছাড়েনি। এবার শুধু তাদের হারতে হয়েছে।
ভিডিওর শেষদিকে আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসির রানার্সআপ পদক নেওয়ার পর কান্নার দৃশ্য দেখানো হয়। সেখানে বলা হয়, মেসির চোখের জল আবারও মনে করিয়ে দিয়েছে—জয়-পরাজয় দুটিই খেলাটির অংশ। তবে পরিস্থিতি যাই হোক, চেষ্টা থামিয়ে দেওয়া যাবে না।
বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলকে ঘিরে অবশ্য নানা জল্পনা তৈরি হয়েছিল। কেউ দাবি করেন, মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টাইন খেলোয়াড়দের গম্ভীর মুখে দেখা গিয়েছিল এবং গ্যালারিতে দেশটির কিংবদন্তি ফুটবলারদের উপস্থিতিও ছিল না। আবার কেউ দাবি করেন, ম্যাচের আগে মেসি সতীর্থদের ‘সবকিছু ভুলে যাওয়ার’ কথা বলেছিলেন। এনজো ফার্নান্দেজের প্রথম হলুদ কার্ড নিয়েও নানা তত্ত্ব ছড়ায়। এসব ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় নানা ধরনের সন্দেহ ও আলোচনা।
তবে আর্জেন্টিনার খেলোয়াড়, কোচ এবং এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াসহ সংশ্লিষ্টরা এসব দাবি বারবার নাকচ করেছেন। এর আগে তথাকথিত ষড়যন্ত্র ও ড্রেসিংরুমের ঘটনা নিয়ে তাপিয়া সমর্থকদের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
তাপিয়ার ভাষ্য ছিল, এসব মিথ্যা ও অপপ্রচার আর্জেন্টিনার ফুটবলকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই ছড়ানো হচ্ছে। তিনি স্পেনের কাছে হারের বিষয়টি সরাসরি স্বীকার করে বলেছিলেন, আর্জেন্টিনা স্পেনকে হারাতে পারেনি, কারণ প্রতিপক্ষ সেদিন ভালো ফুটবল খেলেছে এবং কোনো অজুহাত ছাড়াই ন্যায্য জয় পেয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









