অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে বাংলাদেশ। সিরিজ শেষে দেশে ফিরে কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে অক্টোবরের শুরুতেই আবার ব্যস্ত সূচিতে ফিরতে হবে শান্ত-লিটনদের।
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেখানে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হতে পারে। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ। তবে এখনো ম্যাচগুলোর নির্দিষ্ট দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এদিকে ওয়ানডে সিরিজে নতুন দল যোগ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এই সিরিজে জিম্বাবুয়ে দলকে যুক্ত করার আলোচনা চলছে।
জিম্বাবুয়ে খেলতে রাজি হলে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজটি রূপ নেবে ত্রিদেশীয় সিরিজে। সেক্ষেত্রে ম্যাচের সংখ্যাও বাড়বে। অক্টোবরের শুরুতেই বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে এই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তবে পুরো বিষয়টি এখনো জিম্বাবুয়ের সম্মতির ওপর নির্ভর করছে। দলটি খেলতে রাজি হলে ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত করার পথে এগোবে আয়োজকরা।
এর আগে সেপ্টেম্বরে ভারতীয় দল সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে না এলে ওই সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর অক্টোবর থেকেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বেন বাংলাদেশের ক্রিকেটাররা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









