আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে ৭৫ লাখ পাউন্ডে (প্রায় ১২৫ কোটি ৫৫ লাখ টাকা) কিনতে অ্যাস্টন ভিলার সঙ্গে সম্মত হয়েছে চেলসি। এখন লন্ডনে ক্লাবটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার অপেক্ষায় আছেন মার্তিনেজ।
আগামী সপ্তাহে ৩৪ বছরে পা রাখবেন মার্তিনেজ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, স্টামফোর্ড ব্রিজের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করবেন মার্তিনেজ। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও থাকবে।
স্ত্রাসবুর্গে ধারে খেলার পর চেলসির মূল দলে প্রথমবারের মতো যোগ দিয়েছেন গোলকিপার মাইক পেন্ডার্স। এবার দলবদলের মৌসুমের শুরু থেকে চেলসিও নিজেদের গোলকিপারদের ওপর ভরসা রাখার কথা জানিয়ে আসছিল। ২১ বছর বয়সী পেন্ডার্সকে দীর্ঘ মেয়াদে ধরে রাখতে চায় চেলসি। তবে মার্তিনেজের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি ক্লাবের স্কোয়াড গঠনে বাড়তি স্বস্তি ও গভীরতা এনে দেবে।
প্রিমিয়ার লিগে গত সোমবার রাতে ফুলহামের বিপক্ষে চেলসির ৩-২ গোলে জয়ের ম্যাচে দুটি ভুল করেন গোলকিপার রবার্ট সানচেজ। তাতে ক্লাবের এক নম্বর গোলকিপার হওয়ার যোগ্যতা তাঁর আছে কি না, তা নিয়ে দীর্ঘদিনের পুরোনো প্রশ্ন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।
মার্তিনেজ সর্বশেষ দুটি দলবদলের মৌসুমে ভিলা ছেড়ে নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। ২০২৪-২৫ মৌসুম শেষে ভিলা পার্কে সমর্থকদের উদ্দেশে তাঁকে বিদায়সূচক হাত নাড়তে দেখা যায় এবং মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙেও পড়েছিলেন ২০২২ বিশ্বকাপজয়ী এই গোলকিপার। কারণ, মার্তিনেজ ভেবেছিলেন, ভিলার হয়ে সেটাই তাঁর শেষ ম্যাচ। ২০২৫-২৬ মৌসুমের শুরুতে গোলপোস্টে মার্কো বিজোতকে খেলায় ভিলা। কিন্তু মার্তিনেজের দলবদল চূড়ান্ত না হওয়ায় তিনি শেষ পর্যন্ত ভিলাতেই থেকে যান এবং এক নম্বর গোলকিপার হিসেবে নিজের জায়গা ধরে রাখেন।
২০২০ সালে আর্সেনাল থেকে ১ কোটি ৭০ লাখ পাউন্ডে ভিলা পার্কে যোগ দেন মার্তিনেজ। গত মে মাসে ইউরোপা লিগ ফাইনালের আগে ক্লাব কর্তাদের অবাক করে দিয়ে মার্তিনেজ দাবি করেন, তিনি কখনো ক্লাব ছাড়তে চাননি।
তবে এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা তিনি প্রধান কোচ উনাই এমেরিকে আবার জানান। ভিলা দ্রুততার সঙ্গে বিকল্প খুঁজে বের করে ও সিরি আ ক্লাব পার্মা থেকে আড়াই কোটি পাউন্ডের বেশি দলবদল ফিতে জাপানের গোলকিপার জিওন সুজুকিকে দলে টানে। ২৪ বছর বয়সী এই তরুণ যে দলের নতুন এক নম্বর গোলকিপার, তা উনাই এমেরি পরিষ্কার করে দিয়েছেন এবং মার্তিনেজ তখন থেকেই আলাদাভাবে অনুশীলন করে আসছেন।
এবার দলবদলের মৌসুমে শুরুর দিকে মার্তিনেজকে দলে নেওয়ার চেষ্টা করেছিল জুভেন্টাস। তবে আঙুলের চোট নিয়ে শঙ্কার কারণে ইতালিয়ান ক্লাবটির সঙ্গে শেষ পর্যন্ত সেই চুক্তি ভেস্তে যায়। ইএসপিএন গত বুধবার জানায়, মার্তিনেজের প্রতিনিধিরা তাঁকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছিলেন চেলসিকে। এরপর খুব দ্রুত মার্তিনেজের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নেয় ক্লাবটি। ইএসপিএন আরও জানিয়েছে, চেলসির এক নম্বর গোলকিপার হতে পারেন মার্তিনেজ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









