ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে অস্বাভাবিক এক কারণে খেলা থামাতে হলো বিশ্বসেরা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কাকে। লুই আর্মস্ট্রং স্টেডিয়ামের কোর্টে গাঁজার তীব্র গন্ধ পেয়ে আম্পায়ারকে বিষয়টি জানান তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিপক্ষে ম্যাচে শুরুতেই ৩-০ গেমে এগিয়ে যান শীর্ষ বাছাই সাবালেঙ্কা। নিজের দ্বিতীয় সার্ভিস গেমে ৩০-০ স্কোরে থাকাকালে হঠাৎ আম্পায়ার ইভা আসদেরাকি-মুরকে গাঁজার গন্ধের বিষয়টি জানান তিনি।
সাবালেঙ্কা আম্পায়ারকে বলেন, ‘কেউ একজন গাঁজা খাচ্ছে। আপনি কি একটু দেখবেন... কারণ গন্ধটা খুব তীব্র।’
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিষয়টি নিয়ে হাস্যরসও করেন সাবালেঙ্কা। তিনি বলেন, কেউ নিজের মতো করে আনন্দ করলে তার আপত্তি নেই। তবে টেনিস কোর্টের আশপাশে যেন কেউ ধূমপান না করেন, সেটিই তার অনুরোধ।
সাবালেঙ্কা বলেন, ‘তোমরা যা খুশি করতে পারো, যা খুশি টানতে পারো, যতটা খুশি আরাম করতে পারো, কিন্তু দয়া করে টেনিস কোর্টের আশপাশে সেটা করো না। সেরা খেলাটা দেওয়ার চেষ্টার মধ্যে এই গন্ধ সামলানো একটু কঠিনই বটে।’
ফ্লাশিং মিডোজে গাঁজার গন্ধ নতুন কোনো বিষয় নয়। এর আগে অন্য খেলোয়াড়েরাও এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। নিউইয়র্কে ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য বিনোদনমূলক গাঁজা সেবন বৈধ। ফলে আশপাশের ফ্লাশিং মিডোজ-করোনা পার্ক থেকে ধোঁয়া টেনিস কমপ্লেক্সের ভেতরে চলে আসতে পারে।
সাবালেঙ্কা জানান, চলতি টুর্নামেন্টে এর আগেও গাঁজার গন্ধ পেয়েছেন তিনি। তবে কোনো ম্যাচের সময় এত তীব্র গন্ধ আগে পাননি। তার ধারণা, শুক্রবারের বাতাসের কারণেই গন্ধটি স্টেডিয়ামের ভেতরে আরও বেশি ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ‘হ্যাঁ, এতটাই তীব্র ছিল। আর কিছুটা বাতাসও ছিল বলে হয়তো এমন হয়েছে।’
গন্ধটি দর্শকদের দিক থেকে এসেছে নাকি স্টেডিয়ামের বাইরে থেকে—তা নিশ্চিত নন সাবালেঙ্কা। তবে তার অনুরোধ, দর্শক ও আশপাশের মানুষ যেন বিষয়টি নিয়ে একটু সচেতন থাকেন। পরে একই বিষয়ে আবার প্রশ্ন করা হলে হেসে সাবালেঙ্কা বলেন, ‘গাঁজা নিয়ে বলার মতো মনে হয় আর কিছু নেই। আমি শুধু মানুষকে অনুরোধ করছি, টেনিস কোর্টের পাশে যেন এটা না করা হয়।’
শেষ পর্যন্ত অবশ্য ম্যাচে কোনো বড় প্রভাব পড়তে দেননি সাবালেঙ্কা। রাখিমোভাকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়ে যান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









