বাংলাদেশে প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড ২০২৬’। আগামী ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি)। সংস্থাটির আয়োজনে অনুষ্ঠিতব্য এই আসরের টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল।
ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্ত বিবিসিসির আয়োজনে এবারের টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি জাতীয় দল। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে।
আয়োজকদের মতে, এশিয়ার দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ করে দেওয়ার পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে বন্ধুত্ব, অন্তর্ভুক্তি ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে।
বিবিসিসির আন্তর্জাতিক পরিচালক ও ডব্লিউবিসির এশিয়া অঞ্চলের উন্নয়ন পরিচালক মঈন ইকবাল বলেন, ‘‘বাংলাদেশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’’
তিনি বলেন, বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণ টুর্নামেন্টটিকে একটি আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে পরিণত করবে। একই সঙ্গে এটি এশিয়ায় দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
টুর্নামেন্টে অংশ নেওয়া সব দল, খেলোয়াড়, কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সমর্থকদের বাংলাদেশে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল।
আয়োজকদের প্রত্যাশা, দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের এই টি-টোয়েন্টি এশিয়া কাপ একটি সফল ও স্মরণীয় আন্তর্জাতিক ক্রীড়া আসরে পরিণত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









