এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিযান শেষ হয়েছে। এবার পুরুষ দলের মাঠে নামার পালা। আসন্ন আসরে অংশ নিতে বৃহস্পতিবার দেশ ছাড়বে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। যাওয়ার আগে নিজেদের লক্ষ্যও জানিয়ে দিয়েছেন অধিনায়ক লিটন—এশিয়ান গেমস থেকে সোনার পদক নিয়ে ফিরতে চান তারা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় লিটন বলেন, ‘‘অন্য সিরিজ খেলি ট্রফি জেতার জন্য। গেমসে মজা হলো গোল্ড মেডেল জেতা যায়। আমাদের দলের সবার টার্গেট সেরা হওয়া।’’
এশিয়ান গেমস নিয়ে দলের খেলোয়াড়দের মধ্যে বাড়তি আগ্রহ রয়েছে জানিয়ে তিনি বলেন, এই প্রতিযোগিতা নিয়মিত হয় না। তাই সবাই আসরটি নিয়ে রোমাঞ্চিত। লিটনের ভাষায়, ‘‘প্রত্যাশা তো সবাই করবে। আমিও তো প্রত্যাশা নিয়েই যাব। একটা জিনিস বলতে পারি, খেলোয়াড়দের এই টুর্নামেন্ট নিয়ে অনেক আগ্রহ। এই টুর্নামেন্ট সবসময় আসে না, খুব কম হয়। সবাই তাই রোমাঞ্চিত।’’
এবারই প্রথম এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছেন লিটন। ফলে তার কাছেও এই আসরটি আলাদা গুরুত্ব বহন করছে। তিনি বলেন, ‘‘এই প্রথম আমি এশিয়ান গেমসে খেলব। জাতীয় দলকে তো সার্ভ করছিই, এরকম মঞ্চে খেলা এটাও বড় জিনিস। সবসময় আপনি ট্রফি জিতবেন, তবে এখানে জিতলে স্বর্ণের বিষয় থাকে। এটা একটা বড় স্বপ্ন। সব খেলোয়াড়ই এক্সাইটেড।’’
এশিয়ান গেমসের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এতে দলের প্রস্তুতি ভালো হয়েছে বলেই মনে করছেন অধিনায়ক। তিনি বলেন, ‘‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। দুইটা প্র্যাকটিস ম্যাচ খেললাম। টার্গেট একটাই, ফাইনাল খেলা, ফাইনাল জেতা।’’
বৃহস্পতিবার এশিয়ান গেমসের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। সোনার পদক জয়ের লক্ষ্য সামনে রেখে আসরে নিজেদের সেরাটা দিতে চান লিটন ও তার সতীর্থরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









