আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে ৫২ হাজার ৪২৩ জন দর্শকের গর্জনও বাধা হতে পারেনি সেলেসাওদের। প্রীতি ম্যাচটিতে দুই গোল এসেছে পেনাল্টি থেকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই এগিয়ে যায় সেলেসাওরা। গ্যাব্রিয়েল বোনতেম্পোর অ্যাসিস্ট থেকে অস্ট্রেলিয়ার জালে বল পাঠান ভ্যান্ডারসন। এরপর দ্রুত ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পেয়েছিল ব্রাজিল। চতুর্থ মিনিটে রাফিনিয়ার শট ঠেকিয়ে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক।
একাধিক সুযোগ নষ্ট করার পর ২৮ মিনিটে আলেসান্দ্রো কিরকাটির জোরালো শটে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এর মাত্র পাঁচ মিনিট পরেই উল্টো ম্যাচে এগিয়ে যায় সকারুরা। ৩৩ মিনিটে গোল করেন কনর মেটকালফ।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে ফেরে ব্রাজিল। ৪৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ২-২ করেন রাফিনিয়া। সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে জয় তুলে নিতে একের পর এক আক্রমণ করেও কখনো ফিনিশিংয়ের দুর্বলতায়, আবার কখনো অস্ট্রেলিয়ান গোলরক্ষক বিচের দৃঢ়তায় হতাশ হতে হচ্ছিল আনচেলত্তির দলকে।
অবশেষে ৬৯ মিনিটে কাঙ্ক্ষিত তৃতীয় গোল পায় ব্রাজিল। এনদ্রিকের অ্যাসিস্ট থেকে বাঁ পায়ের শটে অস্ট্রেলিয়ার জালে বল পাঠান গিমারেস। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা।
এরপর ম্যাচের ৮০ মিনিটে আবারও একটি পেনাল্টি পায় তারা। এবার গোল করে ব্যবধান ৪-২ করেন ভিনিসিয়ুস জুনিয়র। অতিরিক্ত সময়ে চার মিনিট যোগ হলেও স্কোরলাইনে আর পরিবর্তন আসেনি।
চলতি ফিফা উইন্ডোতে সেলেসাওদের পরবর্তী প্রতিপক্ষ ভারত। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে মুখোমুখি হবে দুই দল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









