চীনের সাবেক নেতা মাও সেতুংকে নিয়ে করা একটি মন্তব্য ঘিরে বিপাকে পড়েছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। এ ঘটনায় চীনে তার তিনটি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান চুক্তি বাতিল করেছে। পাশাপাশি চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে স্প্যানিশ ফুটবল লিগের খেলা সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুঃখ প্রকাশ করেছে স্প্যানিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ, এমবাপ্পে ও তার ক্লাব রিয়াল মাদ্রিদ।
স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের ১ নভেম্বরের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিতর্কের সূত্রপাত ২৬ অক্টোবর। সেদিন প্রকাশিত ‘দ্য ব্রিজ’ নামের একটি অনুষ্ঠানের ভিডিওতে এমবাপ্পেকে তার পছন্দের মিম বা ব্যঙ্গাত্মক ছবি সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে তিনি এমন একটি ছবি বেছে নেন, যেখানে চীনের সাবেক নেতা মাও সেতুংয়ের মুখের ওপর তার নিজের মুখ বসানো ছিল। এ সময় মাওকে একজন চীনা স্বৈরশাসক হিসেবেও উল্লেখ করেন তিনি।
চীনের ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম দংছিউদি এ মন্তব্যের সমালোচনা করে জানায়, এমবাপ্পের কথায় চীনের ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। এরপর দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বয়কটের ডাক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর এমবাপ্পের তিন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দংপেং, মেংনিউ ও মিল্কগ্রাউন্ড তার সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেয়। একই সঙ্গে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ তাদের বিভিন্ন মাধ্যমে স্প্যানিশ লিগের খেলা এবং এমবাপ্পে অংশ নেন—এমন ম্যাচের সম্প্রচার স্থগিত করে।
তবে বিতর্কের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। স্প্যানিশ ফুটবল লিগ, সংস্থাটির সভাপতি হাভিয়ের তেবাস, এমবাপ্পে এবং রিয়াল মাদ্রিদ—সব পক্ষ থেকেই দুঃখ প্রকাশ করা হয়েছে। চায়না মিডিয়া গ্রুপ জানিয়েছে, তারা এসব ক্ষমা প্রার্থনার বিষয়টি পেয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। তবে দেশটিতে এমবাপ্পের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর চুক্তি আবার চালু হবে কি না কিংবা রাষ্ট্রীয় টেলিভিশনে স্প্যানিশ লিগের খেলা সম্প্রচার শুরু হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চীনের বাজার হারানোর শঙ্কা
এমবাপ্পেকে ঘিরে এই বিতর্ক শুধু একজন ফুটবলারের ভাবমূর্তির মধ্যেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়তে পারে স্প্যানিশ ফুটবল এবং রিয়াল মাদ্রিদের ব্যবসায়িক সম্পর্কেও।

চীনে প্রায় ১৪০ কোটি মানুষের বিশাল বাজার রয়েছে। দেশটির বাজারে দীর্ঘদিন ধরে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে স্প্যানিশ ফুটবল লিগ। আগস্টে চীনের মোবাইলের সহযোগী প্রতিষ্ঠান মিগুর সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত লিগের সব ৩৮০টি ম্যাচ সম্প্রচারের চুক্তি নবায়ন করেছে তারা।
অন্যদিকে রিয়াল মাদ্রিদেরও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। টায়ার নির্মাতা প্রতিষ্ঠান লিংলং, রোবট ভ্যাকুয়াম ক্লিনার নির্মাতা রোবোরক এবং হাইসেন্সের সঙ্গে ক্লাবটির চুক্তি রয়েছে। ফলে চীনে এমবাপ্পেকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রভাব ক্লাবটির ব্যবসায়িক সম্পর্কেও পড়তে পারে।
এমবাপ্পেকে ব্যবহার করে প্রচারণা চালায় এমন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর জন্যও পরিস্থিতি উদ্বেগের। সম্প্রতি সুইজারল্যান্ডের ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনের সঙ্গে যুক্ত হয়েছেন এই ফরাসি তারকা। প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রেও চীন গুরুত্বপূর্ণ বাজার।
চীনে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংবেদনশীলতার বিষয়টি বিদেশি তারকাদের জন্য বরাবরই গুরুত্বপূর্ণ। দেশটির সাবেক নেতা মাও সেতুং এখনো জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর প্রতি অসম্মানকে অনেক চীনা নাগরিক দেশের প্রতি অসম্মান হিসেবে বিবেচনা করেন।
এর আগেও খেলাধুলার ক্ষেত্রে এমন ঘটনার নজির রয়েছে। ২০১৯ সালে হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দল হিউস্টন রকেটসের তৎকালীন মহাব্যবস্থাপক ড্যারিল মোরি। ওই ঘটনার পর দলটির সঙ্গে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সম্পর্ক ছিন্ন হয় এবং চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে এনবিএর খেলা সম্প্রচার বন্ধ হয়ে যায়। ২০২২ সালে আবার সম্প্রচার শুরু হয়।
এ ছাড়া রাজনৈতিক ও সাংস্কৃতিক মন্তব্যের কারণে লাঁকোম, ডলচে অ্যান্ড গাব্বানা, মার্সিডিজ বেঞ্জ ও এইচঅ্যান্ডএমের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানও চীনে বয়কটের মুখে পড়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









