সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই চোটের ধাক্কা খেয়েছে বাংলাদেশ। বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। তীব্র ব্যথায় মাঠেই কাতরাতে থাকেন তিনি। পরে ফিজিওর প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। সাদমান ব্যাট করতে না পারলে তা বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।
তবে সাদমানের চোটের পর নতুন বলে দারুণ শুরু এনে দেন পেসার হাসান মাহমুদ। পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি। তৃতীয় বলে এলবিডব্লিউর আবেদনেও সাড়া দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার বিশপ।
প্রথম দিনের খেলা আলোকস্বল্পতায় আগেভাগে শেষ হলেও দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়েই শুরু হয়। দিনের শুরুতে মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বল লেগ সাইডে ফ্লিক করেন আমির জাঙ্গো। বাউন্ডারির দিকে যাওয়া বল ঠেকাতে গিয়ে পা আটকে চোট পান সাদমান।
এদিকে সাদমানের বিকল্প হিসেবে দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় মাহফিজুল ইসলাম রবিন রয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৯১ রান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









