আইপিএলে দীর্ঘ খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের কয়েক ঘণ্টা আগে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন মাহি।
চেন্নাই সুপার কিংস এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, আগামী আইপিএলে আর খেলবেন না তিনি।
ধোনি না খেললেও চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে দেখা যাবে তাকে। চেন্নাইয়ের ডাগ আউটে মেন্টরের ভূমিকায় থাকবেন মাহি। ফলে তার সঙ্গে সিএসকে’র সম্পর্ক একেবারেই ছিন্ন হচ্ছে না।
চেন্নাই সুপার কিংস মঙ্গলবার বিবৃতি দিয়ে ধোনির নতুন ভূমিকার কথা জানায়। তারা লেখে, ‘‘চেন্নাই সুপার কিংসের টিম মেন্টর হিসাবে দায়িত্ব নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। অসংখ্য জয়, চ্যালেঞ্জ এবং স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। আমাদের যাত্রাপথের শুরু থেকে হৃদয়ে রয়েছেন তিনি।’’
বিবৃতির শেষে সিএসকে লেখে, ‘‘চেন্নাইকে গর্বিত করা থেকে শুরু করে পরের প্রজন্ম তৈরি, সুপার কিংসের সঙ্গে থালা চিরকাল থাকবে। চেন্নাই সব সময়ই তার ঘর হয়ে থাকবে।’’
২০০৮ সালে আইপিএলের শুরু থেকে চেন্নাইয়ের সঙ্গে রয়েছেন ধোনি। তার ঠিক আগের বছর ২০০৭ সালে তিনি ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছিলেন। তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়।
সিএসকে’র মালিক এন শ্রীনিবাসন বলেন, “এমএস ধোনি ছাড়া সিএসকে হয় না। প্রায় দুই দশক ধরে জয়, পরাজয় এবং এর মাঝের সব কিছুর মধ্যে দিয়ে আমরা পরস্পরের হাত ধরে হেঁটেছি ও বেড়ে উঠেছি। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার নেপথ্যে একটাই কারণ রয়েছে— আমরা একে অপরকে নিয়ে কখনও প্রশ্ন তুলি না। সেই আস্থাই এই যাত্রাকে সম্ভব করেছে।”
১৮ বছর আগে কেনো ধোনিকে নেওয়া হয়েছিল, সে কথা বলতে গিয়ে শ্রীনিবাসন বলেন, “২০০৮ সালে আমি জোর দিয়ে বলেছিলাম যে, ধোনিকে সিএসকে’র অংশ হতেই হবে। পরে প্রমাণিত হয়েছে যে, এটাই ছিল আমার নেওয়া সেরা সিদ্ধান্ত। সিএসকে’র হয়ে ধোনি যা যা সাফল্য পেয়েছে, সেই কারণে নয়, বরং ও মানুষ হিসেবে যেরকম, তার জন্য। ধোনি সবসময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। এটা সবসময় তার ঘর হয়ে থাকবে।”
চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক রূপা গুরুনাথ বলেন, “এমএস ধোনির মতো খেলোয়াড় জীবনে একবারই আসে। আমরা ভাগ্যবান এবং গভীরভাবে কৃতজ্ঞ যে, সিএসকে’র শুরু থেকেই ধোনি এর সঙ্গে ছিল। এই দলটি আজ যে জায়গায় পৌঁছেছে, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ধোনি।”
ধোনির নতুন ভূমিকা নিয়ে রূপা বলেন, “এমএস মেন্টর হিসেবে সিএসকে পরিবারের অংশ হয়ে থাকবে। ওর অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের জন্য অমূল্য। বিশেষ করে এই পরিবর্তনের সময়ে। দলে অনেক তরুণ ক্রিকেটার। ধোনির দিকনির্দেশনা সিএসকে’র পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে সাহায্য করবে।”
চেন্নাই সুপার কিংসের ম্যানেজিং ডিরেক্টর কাশী বিশ্বনাথন বলেন, “ক্রিকেটার হিসেবে এমএস ধোনি যা অর্জন করেছে, তা প্রত্যেক ভক্তের স্মৃতিতে অমলিন হয়ে আছে। তবে ধোনিকে যা সত্যিই অনন্য করে তুলেছে তা হল, ও যেভাবে পুরোপুরি চেন্নাইয়ের অংশ হয়ে উঠেছিল। ও এই শহরকে আপন করে নিয়েছিল, আর শহরও তাকে নিজেদের একজন হিসেবে গ্রহণ করেছিল।”
সিএসকে’র হয়ে সবচেয়ে বেশি ২৭২টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে ধোনির। তিনি চেন্নাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৫,৩১৪ রান)।
ধোনি কেবল সিএসকে’রই সমার্থক ছিলেন না, বরং পুরো আইপিএলের সমার্থক হয়ে উঠেছিলেন। সেই কারণেই ফ্র্যাঞ্চাইজিটি যাতে কম দামে ধোনিকে দলে ধরে রাখতে পারে, সেই জন্য আইপিএল কর্তৃপক্ষ তাদের আনক্যাপড খেলোয়াড়ের নিয়ম পরিবর্তন করতেও দ্বিধা করেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









