পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ।
বুধবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান তোলে। জবাব ১৫.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান তোলে পাকিস্তান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। মিরাজ নিয়েছেন ৩ উইকেট।
১১৫ রানের লক্ষ্য বাংলাদেশ তাড়া করল ১৫.১ ওভারেই। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা তামিমের কল্যাণে পাওয়ার প্লেতেই ৮১ রান তোলে। তামিম ফিফটি করেছেন মাত্র ৩২ বলে। শেষ পর্যন্ত ৪২ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি। এ ছাড়া ৩৩ বলে ২৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। ৪ রান করে এই ওপেনার ফিরলে ২৭ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। সাইফ ব্যর্থ হলেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন তানজিদ হাসান তামিম।
এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১–০ এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের পরের ম্যাচ পরশু।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৩০.৪ ওভারে ১১৪/১০ (ফাহিম ৩৭, ফারহান ২৭; নাহিদ ৫/২৪, মিরাজ ৩/২৯)।
বাংলাদেশ: ১৫.১ ওভারে ১১৫/২ (তানজিদ ৬৭*, নাজমুল ২৭; আফ্রিদি ১/৩৫)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা: নাহিদ রানা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









