ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার শতভাগ ফিট না হওয়ায় চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামা হচ্ছেনা তার।
২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিল দলে আর খেলা হয়নি নেইমারের। যদিও হাঁটুর গুরুতর ইনজুরি কাটিয়ে তিনি মধ্য ফেব্রুয়ারিতে সান্তোসের হয়ে ক্লাব পর্যায়ে চারটি ম্যাচ খেলেছেন। ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আগামী ২৭ মার্চ বোস্টনে ফ্রান্স ও চারদিন পর ওরলান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচ দুটিতে খেলতে পারছেন না।
প্রীতি ম্যাচকে সামনে রেখে দল নির্বাচন প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘যেহেতু নেইমার শতভাগ ফিট না, সে কারনে আমি তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করিনি। কিন্তু বিশ্বকাপের চূড়ান্ত দলের বিষয়টি ভিন্ন।’
ইনজুরির কারনে দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রডরিগো ও নিউক্যাসল মিডফিল্ডার ব্রুনো গুইমারায়েস।
১৯ বছর বয়সী এনড্রিক প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন। ক্যারিয়ারে তিনি ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। রিয়াল মাদ্রিদ থেকে লিঁওতে যোগ দিয়ে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েই এনড্রিক দলে ফিরেছেন। ২০২৪ সালে পালমেইরাস থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে এনড্রিককে উড়িয়ে এনেছিলেন আনচেলত্তি।
আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য দুই নতুন মুখকে দলে ডেকেছেন আনচেলত্তি। ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইগর থিয়াগো ও বোর্নমাউথ টিনএজার রায়ান প্রথমবারের মত ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন।
স্কোয়াড:
গোলরক্ষক: এ্যালিসন, বেনটো, এডারসন।
ডিফেন্ডার: এ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, ডানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহেস, ইবানেজ, লিও পেরেইরা, মারকুইনহোস।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, ডানিলো, ফাবিনহো, গ্যাবিয়েল সারা
ফরোয়ার্ড: এনড্রিক, গ্যাবিয়েল মার্টিনেলি, ইগর থিয়াগো, হুয়াও পেড্রো, লুইস হেনরিক, মাথেয়াস কুনহা, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়াস জুনিয়র।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









