ফিফা র্যাঙ্কিংয়ের নতুন তালিকায় আগের অবস্থান থেকে এক ধাপ পিছিয়ে হামজা চৌধুরী–জামাল ভূঁইয়াদের দল এখন ১৮১ নম্বরে। এছাড়াও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ পিছিয়ে নেমেছে ৩ নম্বরে।
শনিবার (২৮ ) প্রকাশিত হালনাগাদ ফিফা র্যাঙ্কিংয়ে দলগুলোর এই উত্থান–পতন দেখা গেছে।
র্যাঙ্কিংয়ে ওঠানামা হয়েছে শীর্ষ দশের কয়েকটি দলেরও। আজ ভোরে ফিফা প্রীতি ম্যাচে ১১৫ নম্বরধারী মৌরিতানিয়াকে ২–১ গোলে হারালেও লিওনেল মেসিদের পয়েন্ট খুব একটা বাড়েনি। এতে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি এক ধাপ পিছিয়ে নেমেছে ৩ নম্বরে। আর্জেন্টিনাকে টপকে দুইয়ে উঠেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এ সপ্তাহে ব্রাজিলকে ২–১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। তবে শেষ ৫ ম্যাচের ৪টিতেই জেতা স্পেন যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে।
অবস্থান অপরিবর্তিত আছে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডেরও। তবে এক ধাপ এগিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ৬ থেকে ৫ নম্বরে উঠে এসেছে দলটি। একইভাবে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে নেদারল্যান্ডসও। গতকাল রাতে নরওয়েকে ২–১ গোলে হারিয়েছে ডাচরা।
পর্তুগাল ও নেদারল্যান্ডসের এগোনোর বড় কারণ ব্রাজিলের পিছিয়ে পড়া। ফ্রান্সের কাছে হেরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পাঁচ থেকে দুই ধাপ পিছিয়ে সাতে চলে গেছে। শীর্ষ দলে সবচেয়ে বেশি পিছিয়েছে কার্লো আনচেলত্তির দলই।
র্যাঙ্কিংয়ের ৮ থেকে ১১ নম্বর স্থানে অবশ্য আর কোনো পরিবর্তন নেই। এই চারটি স্থান যথাক্রমে দখল রেখেছে মরক্কো, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। অন্যদিকে এক ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছে এখনো বিশ্বকাপ নিশ্চিত করতে না পারা ইতালি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









