সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গেল বাংলাদেশ। নেপালকে হারিয়ে আবার শিরোপা লড়াইয়ে রয়েছে লাল-সবুজের দলটি। বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ রাতে ভারত ও ভুটানের ম্যাচের পর।
বুধবার (১ এপ্রিল) মালদ্বীপের মালেতে প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ মানিকের একমাত্র গোলে বাংলাদেশ পেয়ে যায় ফাইনালের টিকিট।
গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় আর ভারতের বিপক্ষে ড্র করে সেমিফাইনালে আসে বাংলাদেশ। গ্রুপ ‘বি’ থেকে গোল ব্যবধানে পিছিয়ে রানার্স-আপ হয়ে শেষ চারে এলেও মাঠের পারফরম্যান্সে যুবারা ছিলেন আত্মবিশ্বাসী। অন্যদিকে নেপাল গ্রুপ ‘এ’ থেকে ৭ পয়েন্ট নিয়ে টেবিল টপার হিসেবে সেমিতে উঠেছিল। কিন্তু সেমিফাইনালে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি তারা।
মালদ্বীপে বেশ ভালো ফুটবল উপহার দিয়ে বাংলাদেশ। মাঠে নেমে শুরু থেকেই নেপালকে এলোমেলো করে দেয়। আক্রমণের দাপটে নেপাল তেমন কিছু করতে পারেনি। বাংলাদেশ গোলের দেখা পায় ১১ মিনিটেই। মুর্শেদ আলীর ক্রস থেকে হেডে নেপালের জালে বল পাঠান বাংলাদেশের নাম্বার নাইন মানিক।
পরের মিনিটেই বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলার রোনান সুলিভান নেপালের জালে বল পাঠান। বামপ্রান্ত থেকে পাওয়া বলে ডি বক্সের ভেতরে নেপালের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠালেও অফসাইডে তা বাতিল হয়ে যায়।
গোলের সুযোগও তৈরি হয়েছিল বেশ। তবে লিড বাড়াতে পারেনি। দুইটি সহজ হেড মিস করেন ফরোয়ার্ডরা। নইলে প্রথমার্ধেই বাংলাদেশের গোল অন্তত তিনটি হয়ে যেত।
দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলে শেষ পর্যন্ত বাংলাদেশকে হারাতে পারেনি নেপাল। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিয়ে বাংলাদেশ চলে গেল ফাইনালে।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। নেপালকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গত আসরে শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









