মেহেদি হাসান মিরাজ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এবং লিটন কুমার দাস ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দিবেন বাংলাদেশ ক্রিকেট দলকে। তাদের অধিনায়কত্বের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকে অধিনায়ক করা হয়েছিল।
বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি সরকারের সিদ্ধান্তে। বিশ্বকাপের পর বাংলাদেশ টি-টোয়েন্টি খেলতে নামেনি। সামনে বাংলাদেশের হোম সিরিজ নিউ জিল্যান্ডের বিপক্ষে। তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। এর আগে দুই ফরম্যাটে অধিনায়ক নির্বাচন জরুরি ছিল। বোর্ড নিজেদের চতুর্থ বোর্ড সভাতে দুজনের অধিনায়কত্ব বাড়িয়েছে।
বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘দীর্ঘ মেয়াদের কথা চিন্তা করে বিসিবি মিরাজকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এবং লিটনকে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই তারা দল নিয়ে লম্বা সময় নিজেদের পরিকল্পনা করুক এবং দলকে নিজেদের মতো করে এগিয়ে নিক।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









