প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার পর সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেছেন হাবিবুল বাশার। অভিজ্ঞ অলরাউন্ডারের ক্রিকেটীয় প্রস্তুতির ব্যাপারে জানতে চেয়েছেন নতুন প্রধান নির্বাচক। মাঠের বাইরের সবকিছু ঠিকঠাক হলে তাকে লম্বা সময়ের জন্যই আবার বাংলাদেশের ক্রিকেটে দেখতে চান হাবিবুল।
বাংলাদেশের ক্রিকেট থেকে সাকিব অনেক দূরে থাকলে ও তাকে নিয়ে আলোচনা থেমে নেই। সেই প্রসঙ্গের পালে আরও জোর হাওয়া লাগে গত জানুয়ারিতে।বিসিবির সেই সময়ের পরিচালনা পর্ষদের সভা শেষে তখনকার পরিচালক আমজাদ হোসেন জানিয়েছিলেন, সাকিবকে আবার তারা জাতীয় দলের জন্য বিবেচনা করবেন।
“সর্বোসম্মতিক্রমে বোর্ড গ্রহণ করেছে যে, সাকিব আল হাসানের অ্যাভেইলঅ্যাবিলিটি, ফিটনেস এবং অ্যাকসেসিবিলিটির ওপর ভিত্তি করে এবং পাশাপাশি যেখানে খেলা হবে ভেন্যুতে, সেখানে যদি উপস্থিত থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক কমিটি সাকিবকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচিত করবে।”
এরপর সাকিবকে ফেরাতে বোর্ডের পক্ষ থেকে নানা উদ্যোগের কথা বলা হয়েছে, তবে দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়েনি।
তবে দেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন থেমে নেই। প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়ে প্রথম দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক বললেন, সাকিবের সঙ্গে তার যোগাযোগ হয়েছে।
“আমার সাথে দু-একবার কথা হয়েছে। আমার মূল প্রশ্ন ছিল, সে প্রস্তুত কি না. যেহেতু ও যেখানে আছে, ওখানে ক্রিকেট নিয়মিত হয় না। ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস ট্রেনিং করা যায়, কিন্তু ক্রিকেট খেলা রেগুলার হয় না। আমি আসলে ওর সাথে এসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি।”
“বাকিটা ওকে এখানে পাওয়ার ব্যাপার। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা অবশ্যই তাকে লম্বা সময়ের জন্যই চাই।”
২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সরকারের সংসদ সদস্য সাকিব আর দেশে ফিরতে পারেননি। ওই বছরের অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল তার। সেই ম্যাচ খেলতে দেশের পথে থাকলেও পরে নিরাপত্তা শঙ্কায় তাকে থমকে যেতে হয় মাঝপথেই।
সেই থেকে সাকিবের ক্যারিয়ার অনিশ্চয়তার দোলাচলে দুলছে। পরবর্তীতে নানা সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে এই অলরাউন্ডার বলেছেন, দেশের মাঠ থেকেই তিনি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









