মিরপুর টেস্টে আজ প্রথম দিনে প্রথম সেশনে ১১ ওভারের মধ্যে ২টি উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলেছিল পাকিস্তান। এরপর তৃতীয় উইকেটে নাজমুল–মুমিনুলের ১৭০ রানের জুটিতে প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনও নিজেদের করে নেয় বাংলাদেশ।
টেস্ট ক্যারিয়ারে নিজের নবম সেঞ্চুরি তুলে নিয়ে ৫৩তম ওভারে আব্বাসের বলে আউট হন নাজমুল। এই ওভারের খেলা শেষেই চা বিরতিতে যায় দুই দল।
মুমিনুল অন্য প্রান্তে ৬৪ রানে অপরাজিত। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমেছেন মুশফিকুর রহিম (০*)।
দ্বিতীয় সেশনে ২৭ ওভারে ১ উইকেটে ১০০ রান তুলেছে বাংলাদেশ।
সেঞ্চুরি করেই আউট হন নাজমুল: ৫৩তম ওভারে আব্বাসের প্রথম বলে কাভার ড্রাইভে চার মেরে টেস্ট ক্যারিয়ারে নিজের ৯ম সেঞ্চুরি তুলে নিলেন নাজমুল। অসাধারণ ব্যাট করছেন। ১২৯ বলে সেঞ্চুরির পথে ১২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। এর মধ্যে ৪৯তম ওভারে আব্বাসের দ্বিতীয় বলে লং অন দিয়ে মারা ছক্কাটি এখন পর্যন্ত দিনের সেরা শট।
আজ যেভাবে ব্যাট করেছেন, তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস হতেই পারে এই সেঞ্চুরিটি। শট বাছাই, টেম্পারমেন্ট, পুল, স্পিনে একটু চড়াও হয়ে খেলা—সব মিলিয়ে চোখ জুড়ানো এক ইনিংসই খেললেন নাজমুল। কিন্তু সেঞ্চুরি করার পরের বলেই এলবিডব্লু আউট হয়ে ফিরলেন নাজমুল। রিভিউ নিয়ে তাঁকে আউট করেছে পাকিস্তান। ১৩০ বলে ১০১ রানে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









