দেশের ১৯ জেলায় আজ শনিবার বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আর আজ দেশের দুই স্থানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবারের চেয়ে এ তাপমাত্রা বেশি। আবার গতকাল পর্যন্ত যেমন মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে, আজ সেখানে এর মাত্রা ছিল মৃদু। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। তবে তাতে যে শৈত্যপ্রবাহ একেবারে কমে যাবে, তা নয়। আগামী সোমবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে।
আজ রাজশাহী ও রংপুর এই দুই বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই দুই বিভাগে জেলার সংখ্যা ১৬। এর পাশাপাশি যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া এই তিন জেলায়ও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সব মিলিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া জেলার সংখ্যা ১৯।
আজ পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল দেশের ২০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গত বৃহস্পতিবার দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপ আকারে বর্তমানে উত্তর-পূর্ব শ্রীলংকা উপকূলবর্তী দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ দুপুর অথবা বিকেল নাগাদ উত্তর শ্রীলংকা উপকূল অতিক্রম করতে পারে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









