দেশের বিভিন্ন স্থানে একযোগে সহিংসতা, হামলা ও সড়ক অবরোধের মতো ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ধানমন্ডি ৩২ নম্বর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থান থেকে ককটেল ও গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। গভীর রাতে পদ্মা সেতুর নিকটবর্তী এলাকা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং দেশের চার জেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে ভাঙচুর, টায়ারে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ করে।
গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় পুলিশের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া ঝিনাইদহ, মৌলভীবাজার ও খাগড়াছড়িতে ট্রেন, দাঁড়িয়ে থাকা বাস এবং রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে—যার মধ্যে পার্কিং করা বাসে আগুনে ঘুমন্ত এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কুমিল্লায় একরাতেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মীকে গ্রেপ্তার এবং সীমান্তে গোপন বৈঠকের পর শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। সীমান্ত থেকে শুরু করে রাজধানী হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল—চলমান রাজনৈতিক অস্থিরতা ও নাশকতার খবরে গতকাল মঙ্গলবার দিনভর উত্তপ্ত ছিল জনপদ।
দেশের বিভিন্ন স্থানে গভীর রাতে ও ভোরে বিক্ষোভ, সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে যান চলাচলে বাধা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
সারা দেশে গত ২৪ ঘন্টায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা ও দেশের ৬ জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় যানবাহনে আগুন দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকালের মধ্যে এসব ঘটনা ঘটেছে। এদিকে গোপালগঞ্জে গতকাল পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ করে বিক্ষোভ ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত তিন দিন ধরে সারা দেশে চলমান নাশকতার ঘটনা নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নাশকতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা, টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকরা (ডিআইজি) উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর এই চার জেলায় বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।
পুলিশের একটি সূত্র বলছে, জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে নাশকতা করছেন তাঁর দলের নেতা–কর্মীরা। বিদেশে পলাতক নেতারা উসকানি দিচ্ছেন এবং নাশকতার জন্য টাকা পাঠাচ্ছেন। সম্প্রতি নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যের ব্যক্তিদের নাম পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত রোববার সন্ধ্যার পর কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি গোপালগঞ্জ, রাজশাহী ও নওগাঁয়। এদের কেউ সরাসরি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। তাঁরা টাকার বিনিময়ে এসব কাজ করেছেন। তবে গত ২৪ ঘন্টায় ঢাকাসহ সারা দেশ থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় গত শনিবার থেকে সোমবার পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডে ঘটনার পেছনে অপরাধীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে। তিনি বলেন, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার, জনসাধারণের সহযোগিতা, সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সংঘটিত প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাশকতা প্রতিরোধে শুধু ঘটনার পর ব্যবস্থা গ্রহণ নয়, বরং ঘটনার আগেই তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম মহানগর এলাকায়ও তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখারী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুর জেলায় ১৫টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় দুটি করে গাড়িতে আগুন দেওয়া হয়। ডিএমপি সূত্র বলছে, সোমবার রাতে রাজধানীর ফার্মগেট, পল্লবী এলাকায় দুটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া গভীর রাতে পুরান ঢাকার সদরঘাট সড়কে দুটি মিনি ট্রাকে আগুন দেওয়া হয়। ডিএমপি সূত্র বলছে, সোমবার বিকেল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ,চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। ডিএমপির মুখপাত্র উপকমিশনার আকতার হোসেন বলেন, নাশকতার সঙ্গে জড়িতদের অনেককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। শহরজুড়ে নিরাপত্তা জোরদার ও টহল বাড়ানো হয়েছে।
চার জেলায় বাড়তি নজর-
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। পাশাপাশি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এর আগে সোমবার গভীর রাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে লগি–বইঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই চার জেলার পুলিশ সুপারদের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সংশ্লিষ্ট সূত্র বলছে, কোথাও যেন লোকজন জড়ো হয়ে বড় নাশকতা করতে না পারে সেজন্য সজাগ থাকতে বলা হয়েছে।
গণগ্রেপ্তার না করার নির্দেশনা-
আইজিপি আলী হোসেন ফকির গতকাল পুলিশ সদর দপ্তর থেকে অনলাইনে সারা দেশের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি সম্প্রতি নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশনা দেন। তবে গত আওয়ামী লীগ আমলের মতো গণগ্রেপ্তার না করার জন্য পুলিশ সুপারদের বলেছেন আইজিপি। বৈঠকের পর তিন জেলার পুলিশ সুপারদের সঙ্গে কথা বললে এই শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, আইজিপি তাঁদেরকে ‘কোয়ালিটি অ্যারেস্টের’(প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার) কথা বলেছেন। নিরীহ লোকজনদের যেন হয়রানি করা না হয়, সেটা নিশ্চিত করতে বলেছেন।
ধানমন্ডি ৩২ নম্বর থেকে ককটেল উদ্ধার-
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। কাছাকাছি পাওয়া গেছে একটা চিরকুট। চিরকুটে লেখা ছিল, ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’। পরে ককটেল দুটি নিষ্ক্রিয় করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এগুলো উদ্ধার করা হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। এ ছাড়া প্রায় একই সময়ে ধানমন্ডির সিটি কলেজের পাশের একটি স্থানে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরে ককটেল দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুটি স্থানে গতকাল ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন। ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে দুজন ব্যক্তি আসেন। পরে তাঁরা ককটেল দুটি রেখে সরে যান। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটাতে পারেননি। একইভাবে সিটি কলেজের পাশে কে বা কারা দুটি ককটেল রেখে চলে যান।
ধানমন্ডি থানা–পুলিশ জানায়, ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির সামনে দুটি ককটেল দেখতে পেয়ে কয়েকজন ব্যক্তি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ স্থানটি ঘিরে রাখে। এরপর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে ককটেল দুটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে। চিরকুটের বিষয়ে ওসি ইমদাদুল ইসলাম বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে উদ্ধার হওয়া ককটেলের কাছাকাছি স্থানে একটা চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিল, ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’। চিঠির সঙ্গে ককটেলের কোনো সম্পর্ক আছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানান ওসি ইমদাদুল ইসলাম।
ঢাবিতে দুটি ককটেল বিস্ফোরণ-
গতকাল বেলা দুইটার পর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলাভবনসংলগ্ন শ্যাডো এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে পার্কিং করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এতে গাড়ির চালক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের ওপর থেকে ককটেলটি ছোড়া হয়ে থাকতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন। অন্যদিকে ককটেলটি বিস্ফোরিত হয় কলাভবনসংলগ্ন শ্যাডো এলাকায়। এতে কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শ্যাডো এলাকায় একটি মোটরসাইকেল থেকে ককটেলটি ছুড়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল–আমিন বলেন, তাঁরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছেন। পর্যালোচনার পর জানতে পারবেন, কে বা কারা ককটেল ছুড়েছে। এর আগে গত রোববার ও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়। এই দুই দিনের ঘটনায় মোট পাঁচজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর-
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। পাশাপাশি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে তাঁদের সঙ্গে যোগ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। তাঁরা মিছিল নিয়ে চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যান। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করেন। এরপর মিছিল নিয়ে আবার পাটগাতী বাসস্ট্যান্ডে ফেরার পর পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সংঘর্ষের মধ্যে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়–সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
এতে গোপালগঞ্জ–পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। তাঁরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রলীগের নেতা–কর্মীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত ও যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে বেলা একটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এ সময় লঞ্চঘাট সেতুর এক পাশে বিক্ষোভকারীরা এবং অন্য পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থানে দেখা যায়। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্যদিকে সকাল সাতটার দিকে কাশিয়ানী উপজেলার কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় অবরোধ করা হয়। একই সময় উপজেলার পোনা ও মাজড়ার মধ্যবর্তী স্থানে ঢাকা–খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সোমবার দিবাগত রাতে কাশিয়ানীর ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ, মহেশপুর রেলস্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট কার্যালয়ের দেয়াল, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ এবং কোটালীপাড়ায় মশালমিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, সোমবার রাতের নাশকতার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সাতটি মোটরসাইকেল ও ১৫টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে। আজ দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি দাবি করেন।
পদ্মা সেতুর কাছে গভীর রাতে লগি-বইঠা হাতে ভাঙচুর-
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে সোমবার গভীর রাতে লগি–বইঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং ট্রাক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত জাজিরার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকায় সেতুর ওপরসহ আশপাশের এলাকায় কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতা–কর্মীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে ৭০০ থেকে ৮০০ জন নাওডোবা এলাকায় জড়ো হন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মী ও সমর্থকেরা ছিলেন। একপর্যায়ে তাঁরা লগি–বইঠা হাতে টোল প্লাজার সামনে এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সড়কে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকও ভাঙচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে। বিক্ষোভের কারণে দক্ষিণ–পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে দক্ষিণ–পশ্চিমাঞ্চলগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পদ্মা সেতু দক্ষিণ থানা, শিবচর হাইওয়ে থানা ও জেলা পুলিশের সদস্যরা নেতা–কর্মীদের সরিয়ে দেন। ঘটনাস্থলের কাছেই পদ্মা সেতু দক্ষিণ থানা, সেনানিবাস, সেতুর সার্ভিস এলাকা ও টোল প্লাজা। এমন গুরুত্বপূর্ণ এলাকায় গভীর রাতে অবরোধ ও ককটেল বিস্ফোরণে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান বলেন, অতিরিক্ত পুলিশ, পদ্মা সেতু দক্ষিণ থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতা–কর্মীদের সরিয়ে দেন।
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ-
মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার বিকেল পাঁচটার দিকে বৈদ্যুতিক করাত দিয়ে গাছ কেটে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মহাসড়কে গাছ কাটার চেষ্টা করছিলেন। পুলিশ ও স্থানীয় লোকজনের ধাওয়ায় তাঁরা চলে যান। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে সদর উপজেলার কালিকাপুর এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড়ে মাথায় কাফনের কাপড় বেঁধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর শপথ নেন নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতা–কর্মী। এ–সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম বলেন, শপথ পাঠের ভিডিওটি দেখেছেন। প্রত্যেকের মুখ ঢাকা। তাঁদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরে মিছিল-
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা–বরিশাল মহাসড়কে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা। মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার তালমা থেকে ভাঙ্গার পুখুড়িয়ার মধ্যে এ মিছিল করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। তামজীদুল রশিদ চৌধুরী বলেন, মিছিলের আগে তাঁরা ১৫ মিনিটের জন্য মহাসড়ক অবরোধ করেন। তখন মহাসড়কে আটকে পড়া বাসের যাত্রী ও চালকদের তাঁদের কর্মসূচির ব্যাপারে জানিয়ে সহযোগিতা চান। তিনি বলেন, ‘আমরা কোনো সহিংসতা করিনি। পরে মহাসড়কে মিছিল করেছি।’নগরকান্দা থানার ওসি গোলাম রসুল সামদানি আজাদ বলেন, ‘ভিডিওটি দেখেছি। এটি আমার নগরকান্দার মধ্যে কোনো মহাসড়কের ঘটনা বলে মনে হয়নি। অন্য কোথাও মিছিল করে এখানে মিছিল করার দাবি করা হতে পারে।’
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু-
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একই বিমানবন্দরে অবস্থান করছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাকে পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়। রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানালেন, সকাল ১০টা ৫৫ মিনিটে স্থানীয় এক ব্যক্তি বস্তু দুটি বিমানবন্দরে কর্মরত পুলিশের নজরে আনেন। এরপর পুলিশ জায়গাটি ঘিরে রাখে। ওসি আরও জানান, ঠিক প্রায় একই সময়ে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন জ্বালানিমন্ত্রী। তখন তিনি ভিআইপি লাউঞ্জে ছিলেন। বস্তু দুটির বিষয়ে তাকে জানানোর পর নিরাপত্তার স্বার্থে পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়। পরে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে রওনা দেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও ডিবিপ্রধান মো. গাজিউর রহমান বলেছেন, হ্যান্ড গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো পরীক্ষা করছে। পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর বিমানবন্দর এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে পরে বিমানবন্দরের কার্যক্রম ও যান চলাচল স্বাভাবিক হয়।
পাবনায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, কলেজে তালা-
পাবনার ঈশ্বরদীতে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন ছাত্রলীগের একদল নেতাকর্মী। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার লালন শাহ সেতু মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান মহাসড়কে বিষয়টি নিশ্চিত করেছেন। একই রাতে পাবনা-চাটমোহর আঞ্চলিক মহাসড়কেও টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এ সময় বেড়া কলেজের প্রধান ফটকে তালা দেওয়া হয়। পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থানে মশাল মিছিলও করেন সংগঠনটির সমর্থকেরা। এসব কর্মসূচির ছবি ও ভিডিও পরে পাবনা জেলা ছাত্রলীগের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ঈশ্বরদীতে টায়ার জ্বালানোর ঘটনা ফেসবুকের মাধ্যমে পুলিশের নজরে এসেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে জানান তিনি।
খাগড়াছড়িতে গাড়ি ও বিএনপির কার্যালয়ে আগুন, আটক ৬-
খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় পার্কিং করে রাখা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে রাত সাড়ে তিনটার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড় পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে কার্যালয়টি পুড়ে যায়। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
মৌলভীবাজারে ঝটিকা মিছিল, সড়কে গাছ ফেলে যান চলাচলে বিঘ্ন-
মৌলভীবাজারের রাজনগরে ঝটিকা মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। একই রাতে উপজেলার চাটুরা ও নন্দীউড়া এলাকায় দুটি বড় আকাশমণি গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং চাটুরা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার ভোররাতে এসব ঘটনা ঘটে। রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আলী হোসেন বলেন, ভোর ৫টার দিকে গাছ ফেলে রাখার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশ সদস্যদের সহায়তায় সেগুলো সরিয়ে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
বরগুনায় বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, ট্রাকে আগুন-
বরগুনার পাঁচ উপজেলায় সোমবার দিবাগত রাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরের ফটকে তালা দেওয়া হয়। একই রাতে বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে রাখা একটি ট্রাকে আগুন দেওয়া হলে সেটির একাংশ পুড়ে যায়। এ ছাড়া কয়েকটি সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা জিলা স্কুল, পাথরঘাটা সরকারি কলেজ ও একটি মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়া হয়। বেতাগীর বিভিন্ন দপ্তরের ফটকে তালা দেওয়ার পাশাপাশি সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের নামসংবলিত পোস্টার ও বিভিন্ন বক্তব্য লেখা কাগজ লাগানো হয়। এ ছাড়া বরিশাল-কুয়াকাটা মহাসড়ক, পাথরঘাটা-মঠবাড়িয়া ও কাকচিড়া-পাথরঘাটা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হয়।
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে মিছিল, ককটেল বিস্ফোরণ-
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরের কোনো এক সময়ে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ব্যানার হাতে নিয়ে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন তারা। পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। জানা যায়, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে মিছিলটি বের করা হয়। এতে ২০ থেকে ২৫ জন নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। অন্যদের মুখও দেখা যায়। এ সময় অধিকাংশের হাতে বাঁশের লাঠি দেখা গেছে। এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, মিছিলের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মিছিলটি পুরোনো কোনো সময়েরও হতে পারে। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









