শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহটির মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন ছিল। নদীর তীরে শুধু ধড়ের অংশটুকু পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা নদীতে ভাসতে থাকা একটি মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নৌ-পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। শরীরের সঙ্গে মাথা, দুই হাত ও দুই পা না থাকায় এবং মরদেহের অবস্থা বিবেচনায় তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের শুধু ধড়ের অংশ পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য সেটি শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









