মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বাঁ হাত মারাত্মকভাবে জখম হয়েছে। হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে হামলার ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, হামলার খবর পেয়ে সংশ্লিষ্ট রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। হামলার পর হাসিব ওই রিসোর্ট থেকে চলে গেছেন বলে পুলিশ জানতে পেরেছে। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও শ্রীমঙ্গলের বাসিন্দা প্রীতম দাস বলেন, হামলায় আহত হওয়ার পর হাসিব ট্রেনে করে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে তিনি আবার শ্রীমঙ্গলে ফিরবেন। এরপর থানায় মামলা দায়েরসহ পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, ঘটনার সময় হাসিবের সঙ্গে থাকা নারী তাঁর স্ত্রী।
এ ঘটনায় এখনো মামলা দায়ের ও অভিযুক্তের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









