ঝিনাইদহে পরিবহনের বৈধ কাগজপত্র ও চালান দেখাতে না পারায় ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই একটি ট্রাক আটক করেছেন স্থানীয়রা। পরে ট্রাকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়। ট্রাকটিতে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় সার পরিবহন করা হচ্ছিল। তবে ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপারের খোঁজ পাওয়া যায়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১১টা পর্যন্ত ট্রাকটি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা সদস্যদের হেফাজতে ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী-ট-১১-০১৪১ নম্বরের ট্রাকটিতে যশোরের নওয়াপাড়া থেকে সার বোঝাই করে কুষ্টিয়ার উদ্দেশে নেওয়া হচ্ছিল। পথে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে স্থানীয় লোকজন ট্রাকটি থামিয়ে চালকের কাছে পরিবহন করা পণ্যের কাগজপত্র দেখতে চান। এ সময় চালক ও সংশ্লিষ্টরা সারের কোনো মেমো বা চালান দেখাতে পারেননি। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে খবর দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি নিজেদের হেফাজতে নেন।
ঘটনাস্থলে ঝিনাইদহ জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন বলেন, সার পাচারের গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা ট্রাকটি আটক করে তাঁদের খবর দেন। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে চালকের কাছে সারের পরিবহনসংক্রান্ত কাগজপত্র দেখতে চান। কিন্তু কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ট্রাকটিতে ৪২০ বস্তা টিএসপি সার ছিল। বিষয়টি সদর থানার ওসি ও পুলিশ সুপারকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। সার পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
জেলা ট্রাক মালিক সমিতির সদস্য সাজেদুর রহমান মিলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা সারসহ ট্রাকটি আটক অবস্থায় দেখতে পান। অবৈধভাবে সার কেনাবেচার মাধ্যমে যারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান রাত সোয়া ১০টার দিকে ডেইলি স্টারকে বলেন, স্থানীয়দের মাধ্যমে সারবোঝাই ট্রাক আটকের খবর পেয়েছেন। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন। বিধি অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, সারের কাগজপত্র যাচাইয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে সারগুলো অবৈধ বলে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









