জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অনুদান বাড়ানোসহ পাঁচ দফা জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু সংকটে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো আর ঋণ নয়, চায় অনুদান। এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং বর্তমান কার্যক্রমে জোরালো সমর্থন নিশ্চিত করতে হবে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশের সরকারপ্রধান বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়ন এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার এতে যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি অর্থনীতিতে বড় চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের বাড়তি বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন—আরো ঋণ নয়, যা তাদের ঋণ বাড়িয়ে দেয়। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনে জোরালো সহায়তারও প্রয়োজন।’
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কপ ৩১ সম্মেলনের প্লেনারি আনাদোলু হলে দ্বিতীয় দিনের ‘লিডার্স সামিটে’ বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।
প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের চাহিদা ও অগ্রাধিকার অনুসারে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাপ খাইয়ে নেওয়ার কাজে ব্যয় করতে হবে। পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে। দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের বোঝা কমাতে বিশেষ ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে রয়েছে জলবায়ু দুর্যোগের সময় ঋণ পরিশোধ স্থগিত রাখা এবং জলবায়ু সুরক্ষার কাজে অর্থ ব্যয়ের শর্তে ঋণ মওকুফের ব্যবস্থা। তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তি ব্যবহারের সুযোগ সবার জন্য সমান করতে হবে। উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি পৌঁছে দিতেও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। চতুর্থত, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সহজ শর্তে অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের ব্যবস্থা করতে হবে। পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে। এর মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্য।
মঙ্গলবার থেকে তিনদিনের তুরস্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে রয়েছেন, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, পরিবেশবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ। জলবায়ু সম্মেলনের পরে বুধবার থেকে বিশ্বনেতাদের সম্মেলন লিডার্স সামিটে যোগ দেওয়া ছাড়াও সম্মেলনের সাইডলাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাত করেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকেও অংশ নেন তিনি।
এবারের কপ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জলবায়ুবিষয়ক বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্মেলনে সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুম।
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ
উচ্চপর্যায়ের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, বাংলাদেশ কপ-৩১ থেকে অর্থপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফল প্রত্যাশা করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য কার্যকর ফলাফল প্রয়োজন। তিনি বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। আসুন, আমরা বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’ আনতালিয়ায় কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং সম্মেলনের আলোচনাপ্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ায় অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারির দেশ হলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে এ দেশের অবদান শূন্য দশমিক পাঁচ শতাংশেরও কম বলে জানান সরকারপ্রধান। তারেক রহমান বলেন, এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে দেখছে জানিয়ে তিনি বলেন, শিল্পায়ন ও উন্নয়নের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে জনগণের ভোটে নির্বাচিত সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য নির্গমনের লক্ষ্য অর্জনেও কাজ চলছে। বিশেষ কর প্রণোদনার সহায়তায় চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগও উৎসাহিত করা হচ্ছে।
সবুজ শিল্পের প্রসারে সরকারের উদ্যোগ তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। এর উদ্দেশ্য পানি ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। উপকূলের উদ্ধার করা জমিতে আবারও ম্যানগ্রোভ বন গড়ে তুলছি। এতে উপকূলের মানুষ সুরক্ষা পাবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা সহজ হবে।’
নারী ও তরুণদের জলবায়ু কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে।
রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রয়োজন অস্ট্রেলিয়ার সহযোগিতা
এদিকে বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে দেশটির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন তারেক রহমান। বৈঠকে তিনি অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বৃদ্ধি, কৃষি খাতের উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোর, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকারে গুরুত্বারোপ করেন। কপ-৩১-এর চলমান আলোচনায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন তিনি। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের এ দেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। এ ছাড়া দুই দেশের কৃষি খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে অস্ট্রেলিয়ার কূটনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে দেশটির সহযোগিতা কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তারেক রহমান। এসব উদ্যোগের মধ্যে দেশজুড়ে ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খনন কর্মসূচির বিষয়টিও উল্লেখ করেন তিনি।
পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করতে হবে
অন্যদিকে গতকাল সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্থানীয় সময় সকাল ১০টার দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নটিতে গেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম তাঁকে স্বাগত জানান।
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, জুতা, ব্লেজারসহ বিভিন্ন ধরনের ১২৯টি পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। পরিদর্শনকালে তিনি সেখানে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন। কর্মকর্তারা জানান, এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরাও প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। তাঁদের অনেকে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহও জানিয়েছেন।
এ সময় যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীও প্যাভিলিয়নটি পরিদর্শন করছিলেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশের পাটজাত পণ্য সম্পর্কে তাদের আগ্রহের বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে আরও জানার পাশাপাশি এ বিষয়ে পড়াশোনার আগ্রহ প্রকাশ করেন। জবাবে তারেক রহমান বলেন, ‘পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষ যেন সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিতে আসুন আমরা একযোগে কাজ করি।’ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
নৈশভোজে তারেক-জুবাইদা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আনতালিয়ায় বিশ্বনেতাদের সম্মানে এরদোয়ান দম্পতির এ নৈশভোজে অংশ নেন তাঁরা। জলবায়ু সম্মেলনের গ্রিন জোনে এই নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের স্ত্রী বা স্বামীদের সঙ্গে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী কুশল বিনিময় করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









