জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়িটি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছেন বিরোধী দলীয় একটি সংসদীয় প্রতিনিধি দল।
শুক্রবার বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শন করবেন তাঁরা। পরিদর্শন শেষে সেখানে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি। দলের অন্য সদস্যরা হলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।
গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বাড়িতে পরিবারের চার সদস্য উপস্থিত ছিলেন। ঘটনায় কেউ হতাহত না হলেও দুটি ছাগল পুড়ে মারা যায় এবং ঘরের মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের অভিযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ করে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
এদিকে সংসদীয় প্রতিনিধি দলের পরিদর্শন ও প্রেস ব্রিফিংকে কেন্দ্র করে বাগোয়ান গ্রাম ও আশপাশের এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
অন্যদিকে, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু। বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। অপরাধী যে-ই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








