সিলেট-তামাবিল মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হাসান (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঘোড়াশাল এলাকার মো. ইব্রাহীম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এক নারী রাস্তা পার হচ্ছিলেন। তাঁকে পারাপারের সুযোগ দিতে গিয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মাহমুদুল হাসান। এ ঘটনায় আহত অপর ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছ ফেলে অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এলাকাবাসীর অভিযোগ, ওই স্থানে স্পিড ব্রেকার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে বারবার দাবি জানানো হলেও স্পিড ব্রেকার নির্মাণ করা হয়নি।
সিলেট শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী অবরোধ তুলে নিয়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








