কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন। মামলায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন—কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান মধ্যপাড়া গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ির একটি পুরোনো টিনশেড ঘরে আগুন লাগে। সংসদ সদস্যের পরিবারের অভিযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ করে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছেন তাঁরা। তবে এ অভিযোগের বিষয়ে মামলার আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন নুসরাত তাবাসসুম।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বাগোয়ান মধ্যপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত, সংসদ সদস্যের বাবা আব্দুল হালিম (টম মাস্টার) এবং দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, “নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের লোকজন এ হামলা করেছে।”
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনাটি পেট্রোল বোমা নিক্ষেপের কারণে, নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








