সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। আগামীকাল রাত সাড়ে ৮টায় জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে গুরুত্বপূর্ণ ম্যাচটি। লড়াইয়ের আগে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে অনুশীলন করেছে পাকিস্তান দল।
অনুশীলন শেষে ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আশাবাদ জানিয়েছেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। তবে তার আগে বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের বাধা পেরোতে চান তিনি।
চলমান সাফে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। প্রতিপক্ষের এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে সাধারণত বিশেষ পরিকল্পনা থাকে। তবে হামজাকে নিয়ে খুব একটা ভাবছেন না পাকিস্তানের গোলরক্ষক। বরং বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলতে বেশি আগ্রহী তিনি।
ইউসুফ বাট বলেন, ‘হামজা বা অন্য কাউকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা।’ ঢাকা
হামজা ও সামিতকে উঁচু মানের খেলোয়াড় হিসেবে স্বীকার করলেও নিজেদের দল নিয়েও আত্মবিশ্বাসী বাট। পাকিস্তান দলেও বেশ কয়েকজন ভালো মানের ফুটবলার রয়েছেন বলে মনে করেন তিনি।
বাট বলেন, ‘তাদের দিক থেকে বলতে গেলে, হ্যাঁ, তারা ভালো খেলোয়াড়। আমাদেরও খুব ভালো খেলোয়াড় রয়েছে। হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হয়। তবে আমাদের দলে আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান, আদিল নবী ও আবদুল আরশাদ আছে। তাই আমি মনে করি, তারা দুর্দান্ত খেলোয়াড় হলেও আমাদের দলেও দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’
ফিফা উইন্ডোতে আরও পাঁচজন ফুটবলার যোগ দেওয়ায় পাকিস্তানের শক্তি ও প্রস্তুতি বেড়েছে বলেও মনে করেন এই গোলরক্ষক। তার মতে, ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় পারফরম্যান্সই ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ‘আমাদের পাঁচজন নতুন খেলোয়াড় আসছে, যারা ইনশাআল্লাহ দলের সঙ্গে যোগ দিয়ে সাহায্য করতে পারবে। তবে আবারও বলছি, সবকিছু দল নিয়ে, কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। আমরা সম্মিলিতভাবে মাঠে নেমে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেব। আশা করি, সেটাই যথেষ্ট হবে।’
২০১৮ সালে ঢাকায় বাংলাদেশের কাছে হেরেছিল পাকিস্তান। আট বছর পর সেই হারের প্রতিশোধ নিতে চায় দলটি। এ প্রসঙ্গে বাট বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান সবসময়ই ভালো ম্যাচ খেলে। ২০১৮ সালে একটি আত্মঘাতী গোলের কারণে তারা খুব ভাগ্যবান হয়েছিল। ইনশাআল্লাহ এবার ফলাফল অন্যরকম হবে।’
ম্যাচে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রযুক্তি থাকায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের এই গোলরক্ষক। স্বাগতিক দলের দর্শকদের চাপের মধ্যে এই প্রযুক্তি সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে বলে মনে করেন তিনি।
বাট বলেন, ‘আমরা জানি, বাংলাদেশি দর্শকদের পক্ষ থেকে বেশ ভালো একটা চাপ থাকে। তবে আমি ব্যক্তিগতভাবে খুশি যে এবার সাহায্য করার জন্য ভিএআর থাকছে। আমার মনে হয়, এটা আমাদের জন্য বড় সাহায্য হবে। কারণ, যখন ঘরের মাঠের দল ও সমর্থকেরা খেলে, তখন অনেক চাপ তৈরি হয়। তাই আলহামদুলিল্লাহ, আমি খুশি যে এই দিক থেকে বিষয়টি আরও গোছানো হতে পারে।’
চলমান সাফে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। তাই ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বাট। তবে আপাতত বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালেই মনোযোগ তাদের।
তিনি বলেন, ‘আমি সত্যিই ভারতের বিরুদ্ধে আবারও খেলতে চাই। কারণ, আমাদের জন্য ম্যাচটি খুবই খারাপ ছিল। গত ১২-১৩ ম্যাচের মধ্যে এটি হয়তো আমাদের সবচেয়ে খারাপ খেলা ছিল। তাই আশা করি, ইনশাআল্লাহ আমরা ফাইনালে আবারও তাদের মুখোমুখি হব। তবে এক ম্যাচে এক ধাপ করে এগোতে হবে। এখন আমাদের সামনে বাংলাদেশ।’
দক্ষিণ এশিয়ার ফুটবলে সাফ চ্যাম্পিয়নশিপকে বিশেষ গুরুত্ব দেন পাকিস্তানের ফুটবলাররা। বাটের কাছে এটি বছরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্ব থাকলেও সাফের শিরোপা জয়ের লক্ষ্য থেকে সরে আসতে চান না তারা।
পাকিস্তানের এই গোলরক্ষক বলেন, ‘আমি সাফ কাপ খেলতে ভালোবাসি। আমাদের কাছে সাফ কাপ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর। আগামী বছর ইনশাআল্লাহ আমাদের বিশ্বকাপ বাছাইপর্বও আছে। কিন্তু সাফ কাপ এমন একটি প্রতিযোগিতা, যা জয় করা আমার এবং বিশেষ করে দলের বড় লক্ষ্য। আশা করি, আমরা ইতিহাস গড়তে পারব এবং এবার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারব।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








