চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল সংযোগ সড়ক এবং প্রাথমিকের বই ছাপায় সরকারের ব্যয় বাড়ছে ৮৭৪ কোটি টাকা। এরমধ্যে চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় বাড়ছে আরও ৭৯৪ কোটি টাকা। কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন এবং আনোয়ারা উপজেলা সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় বাড়ছে প্রায় ৫৭ কোটি টাকা।
আর ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই মুদ্রণে সরকারের ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই তিন প্রকল্পের বাড়তি ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। এছাড়াও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি, ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার, ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল এবং ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যয় বাড়ল ৭৯৪ কোটি
চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় আরও বেড়েছে। এবার প্রকল্পটির ব্যয় ১৪৪ কোটি ৬৩ লাখ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। দ্বিতীয় দফায় ব্যয় বৃদ্ধির পর প্রকল্পটির সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি ৭০ লাখ টাকা। এতে মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বেড়েছে প্রায় ৭৯৪ কোটি টাকা বা ২৯ দশমিক ১৮ শতাংশ। অর্থাৎ, শুরুতে যে প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৭২০ কোটি টাকা, তা বেড়ে এখন সাড়ে ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
কর্ণফুলী টানেল সংযোগ সড়কে ব্যয় বাড়ল ৫৭ কোটি টাকা
কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন এবং আনোয়ারা উপজেলা সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় বাড়ছে প্রায় ৫৭ কোটি টাকা। প্রকল্পটির একটি প্যাকেজে অতিরিক্ত ৫৬ কোটি ৯০ লাখ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩২৩ কোটি চার লাখ ৭০ হাজার টাকা। একই বৈঠকে কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নের জন্য ২৬৬ কোটি ১৪ লাখ টাকার কাজের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজ পেয়েছে রানা বিল্ডার্স (প্রাইভেট) লিমিটেড।
প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা
২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই মুদ্রণে সরকারের ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা। বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে ৯৪টি লটে এই অতিরিক্ত ব্যয় হচ্ছে। এতে বই ছাপার মোট চুক্তিমূল্য ১৮৭ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ টাকায়। মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বাড়ছে প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ। ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মোট ৯৮টি লট করা হয়েছিল। এর মধ্যে ৯৪টি লটে মুদ্রিত বইয়ের ফর্মা বেড়ে যাওয়ায় অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ৯৪টি লটে মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণ করতে হবে। এজন্য অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা ব্যয় হবে।
১৮১ কোটি টাকার চিনি ও মসুর ডাল কিনবে সরকার
সরকারি মজুত বাড়াতে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার। এ দুই পণ্য কিনতে মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্থানীয় দুটি প্রতিষ্ঠান থেকে এসব পণ্য কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিকেজি চিনি কিনতে খরচ পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা ও মসুর ডাল কিনতে ৭৬ টাকা ৭৭ পয়সা। অন্যদিকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। ৫০ কেজির বস্তায় সরবরাহ করা এসব ডালের ভ্যাট ও করসহ প্রতিকেজির দাম পড়বে ৭৬ টাকা ৭৭ পয়সা। দরপত্রে সুপারিশকৃত প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ডাল কেনার প্রস্তাব করা হয়েছে। দুটি পণ্যই ই-জিপি ব্যবস্থায় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের (জাতীয়) মাধ্যমে কেনা হবে। প্রস্তাব দুটি অনুমোদিত হলে চিনি ও মসুর ডাল কেনায় সরকারের মোট ব্যয় দাঁড়াবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।
আসছে পাঁচ কার্গো এলএনজি, মহেশখালীতে বসছে নতুন এফএসআরইউ
২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে ওমানের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) সঙ্গে বিদ্যমান দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় তিন কার্গো এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে। একই সঙ্গে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই) এ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্পে ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তি এসপিএ-১ ও এসপিএ-২ এবং স্বল্পমেয়াদি চুক্তি এসপিএ-৩-এর আওতায় ২০২৭ সালে তিন কার্গো এলএনজি আমদানি করা হবে। এ জন্য তিনটি পৃথক সাইড লেটার চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া মালয়েশিয়ার প্রতিষ্ঠান পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে ২০২৭ সালে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। এ ক্ষেত্রে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দামের চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম।
অন্যদিকে, মহেশখালীর কুতুবজোমে নতুন এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে দেশের এলএনজি আমদানি ও সরবরাহ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে। এ প্রকল্প বাস্তবায়নে জিটুজি পদ্ধতিতে চীনের প্রতিষ্ঠান সিএনইই দরপ্রস্তাব দাখিল করেছে। প্রতিষ্ঠানটির প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে এ ব্যয় হবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার
দেশের কৃষি উৎপাদন সচল রাখতে ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানির পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকেও ইউরিয়া সার কেনা হবে। আটটি প্রস্তাবের বিপরীতে এসব সার কিনতে মোট ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।
রমজানে আসছে ৬২০০ টন খেজুর
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। আসন্ন রমজানে সাধারণ ভোক্তাদের মধ্যে বিতরণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাবে নীতিগত সুপারিশ দিয়েছে কমিটি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এসব খেজুর ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। জরুরি জাতীয় প্রয়োজন বিবেচনায় খেজুর আমদানির দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার নির্ধারিত সময় কমানোর প্রস্তাবেও অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুসরণের কথা বলা হয়েছে।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজটি বাস্তবায়নের প্রস্তাবেও নীতিগত সুপারিশ করা হয়েছে। ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এছাড়াও রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য সাততলা হাসপাতাল ভবন এবং সাততলা একাডেমিক ভবন নির্মাণের প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকার। ভবন দুটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৩৩৯ কোটি ৪৪ লাখ টাকা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









