দেশের রাজনীতি এখন সর্বগ্রাসী বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার মতে, রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে। তবে রাজনীতিবিদদের বড় অংশ জনস্বার্থের চেয়ে নিজেদের সুযোগ-সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন। সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাদের আন্তরিকতা সব সময় থাকে না। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে এবং অস্থিতিশীলতা তৈরি হবে বলেও সতর্ক করেছেন স্পিকার। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রসঙ্গ টেনে তৎকালীন প্রধানমন্ত্রীর একান্ত সচিবের (পিএস) বিরুদ্ধে ৪০০ কোটি টাকা সম্পদের অভিযোগের কথা উল্লেখ করেন স্পিকার।
তবে বক্তব্যে ‘প্রধানমন্ত্রী’র পিএস বলায় বর্তমান প্রধানমন্ত্রীর প্রসঙ্গ এসেছে- এমন বিভ্রান্তি তৈরি হতে পারে বুঝতে পেরে রসিকতা করে নিজের চাকরি হারানোর শঙ্কা প্রকাশ করেন তিনি। স্পিকার বলেন, ‘আমার চাকরিটা গেছিল এখনই।’ এরপর ৪৫০ কোটি টাকা বলে নিজের বক্তব্যের সংশোধন করেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন স্পিকার। আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ।
অনুষ্ঠানে সূচনা বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা কাঙ্ক্ষিতভাবে কমছে না। বর্তমানে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছেন। তাদের মধ্যে এক কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। তার ভাষ্য, দেশে এমন প্রায় দুই কোটি মানুষ রয়েছেন, যারা দুই দিন কাজ করতে না পারলেই আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যাবেন। এ অবস্থায় দেশের দারিদ্র্য পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করা হবে, তা বিবেচনার বিষয়। দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে। তবে সেই তুলনায় সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।
অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক বৈষম্য রয়েছে। এসব বৈষম্য দূর করতে হবে। দেশে প্রতি চারজন যুবকের একজন বেকার। শিক্ষিত যুবকদের ক্ষেত্রে প্রতি তিনজনে একজন বেকার।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের রাজনীতিবিদদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁরা চাইলে মানুষের পাশে দাঁড়াতে পারেন। আবার নিজেদের ক্ষমতার অপব্যবহার করে মানুষের ক্ষতিও করতে পারেন। তাই রাজনীতির ইতিবাচক পরিবর্তন জরুরি। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদদেরই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে।
রাজনীতিবিদদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে স্পিকার বলেন, সুবিধাবঞ্চিত মানুষের প্রতি রাজনীতিবিদদের আগ্রহ ও দায়বদ্ধতা সব সময় দেখা যায় না। নির্বাচনের সময় এসব মানুষের গুরুত্ব বাড়লেও অন্য সময় সাধারণ মানুষের খোঁজ নেওয়ার প্রবণতা কম। নির্বাচিত হওয়ার পর অনেকেই নিজের সুযোগ-সুবিধা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অথচ দেশের বিপুলসংখ্যক মানুষ এখনো নানা দিক থেকে বঞ্চিত। রাজনীতিবিদদের এই প্রবণতা থেকে বেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে, অস্থিতিশীলতা তৈরি হবে। জনগণ এখন অনেক বেশি সচেতন। তাই নির্বাচনে কারচুপি করাও কঠিন হয়ে পড়েছে। অতীতের নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এর আগের একটি নির্বাচনে (২০১৪) ভোট গ্রহণের আগেই ১৫৩ জন নির্বাচিত হয়েছিলেন। এসব অভিজ্ঞতা গণতন্ত্রের জন্য ভয়াবহ ছিল। তবে বর্তমান সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে।
নির্বাচনে অর্থের প্রভাব কমানোর ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, এ জন্য নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশের ক্ষেত্রে বাধার কথাও তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, অনেক সংসদ সদস্য মনের কথা বলতে পারেন না। তাঁরা ভাবেন, কথা বললে দলের নেতা রাগ করবেন কি না, স্থানীয় প্রভাবশালীরা কী মনে করবেন কিংবা ভোটের ওপর কোনো প্রভাব পড়বে কি না। এসব চিন্তায় তাঁরা সংকুচিত থাকেন।
নারীদের জন্য সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বাড়ানোর পক্ষে মত দেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এখন অনেক যোগ্য নারী রাজনীতিবিদ রয়েছেন। তাঁরা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীদেরও পরাজিত করতে সক্ষম। তাই সংরক্ষিত আসনের ব্যবস্থা ধীরে ধীরে তুলে দেওয়া উচিত। রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন স্পিকার।
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে গঠিত সংসদীয় ককাসের ভূমিকা নিয়ে স্পিকার বলেন, দেশের অন্যতম বড় সমস্যা দুর্নীতি। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই ককাসকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতির অভিযোগ উঠলে দল বা পদ বিবেচনা না করে তা প্রকাশ করতে হবে।
তিনি বলেন, ককাসের সদস্যদের শুধু সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা চিহ্নিত করলেই হবে না, সুষ্ঠু নির্বাচন ও তাঁদের রাজনৈতিক অংশগ্রহণের পরিবেশ তৈরিতেও কাজ করতে হবে। অনুষ্ঠানে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। এই বিপুল জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
স্পিকার বলেন, প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় একটি ককাস গঠন করা হয়েছে। এটি আশাব্যঞ্জক উদ্যোগ। ককাসের সদস্যরা আন্তরিকভাবে কাজ করলে সমাজে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো তিনি আলাদাভাবে জানেন। কিন্তু একসঙ্গে এতগুলো সমস্যা তুলে ধরার সুযোগ আগে হয়নি। এ আয়োজনের মাধ্যমে সমস্যাগুলো নতুনভাবে বোঝার সুযোগ পেয়েছেন। এ জন্য তিনি দেবপ্রিয় ভট্টাচার্যকে ধন্যবাদ জানান।
চিফ হুইপ বলেন, দেশের পিছিয়ে পড়া মানুষকে সামনে এগিয়ে নিতে সরকার কাজ করতে চায়। কৃষক, শ্রমজীবী মানুষ ও নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের সহায়তা, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে।
দেশের সব মানুষকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার ওপর গুরুত্ব দিয়ে নূরুল ইসলাম মনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সবাইকে এক কাতারে আনতে না পারলে সামগ্রিকভাবে ভালো থাকা সম্ভব নয়। সমাজের চিন্তা ও আচরণেও পরিবর্তন আনার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শুধু অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকাই সমস্যা নয়, চিন্তা-চেতনা ও মানসিকতার দিক থেকেও অনেক পিছিয়ে আছি। অন্যকে ঠকিয়ে নিজে জেতার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। পরিশ্রম ও দক্ষতার প্রতি সম্মান তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষাব্যবস্থার মাধ্যমে দক্ষ মানুষ গড়ে তুলতে হবে। ককাসের সদস্যদের উদ্দেশে চিফ হুইপ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে এলে সরকার তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংসদ সদস্যদের কাছে তাঁদের প্রত্যাশা অনেক। তাঁরা পিছিয়ে পড়া মানুষের জন্য আইন প্রণয়ন করবেন। কোনো সমস্যা তৈরি হলে তা নিয়ে সংসদে আলোচনা করবেন। পাশাপাশি আগামী দিনের বাজেট প্রণয়নের সময়ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেবেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে একটি প্ল্যাটফর্মে এসে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি। প্রধানমন্ত্রীর পিএসেরই ৪০০ কোটি টাকা তো।’এসময় একজন পাশ থেকে ‘আগের প্রধানমন্ত্রী’ বললে স্পিকার নিজের বক্তব্য সংশোধন ও রসিকতা করে বলেন, ‘যা-ই হোক আগের (প্রধানমন্ত্রী)। আমার চাকরিটা গেছিল এখনই। যাই হোক, আমি মিন করেছি ৪৫০ কোটি টাকা তো তারেক রহমানের ইয়ের (পিএস) নাই।’
তিনি বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রে আশ্রিত এবং কথাবলার রাজনীতির মহান কারিগর তার পিএস যখন ৪০০ কোটি টাকা বানিয়েছে তো কারা দুর্নীতি করে বোঝাই যায়।’
দুর্নীতির বিরুদ্ধে ককাসের ভূমিকার বিষয়ে স্পিকার বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে এই ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম কমিটি যেটা করবেন, দুর্নীতির বিরুদ্ধে। স্পিকার করলেও সেটাও বলবেন। এক নম্বরে বলবেন স্পিকারের কথা, তারপরে চিফের কথা।’
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, রাজনীতি করার কোনো পরিকল্পনা তার ছিল না। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে রাজনীতিতে আসার প্রস্তাব দিয়েছিলেন। সে সময় তার বাবা পাকিস্তান আমলে সংসদ সদস্য ছিলেন উল্লেখ করে জিয়াউর রহমান তাকে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেন। তবে তিনি রাজনীতি করতে চাননি। স্পিকার বলেন, রাজনীতি করব কোনো দিন চিন্তা করিনি। প্রেসিডেন্ট জিয়া আমাকে ডেকেছিলেন ১৯৭৮ সালে। আমাকে বললেন যে, ‘তোমার বাবা এমপি ছিল পাকিস্তান আমলে, তুমি আমরা দল করতেছি এখান থেকে ইলেকশন করো’।
এ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, ‘আমি তাকে বলেছিলাম, স্যার, আমি কোনোদিন রাজনীতি করব না। আমার মাথায় ঢোকেনি। দেশের এত ক্ষমতাশালী রাষ্ট্রপতি বলছেন। আমার পরে দুজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে তিনি ডেকেছিলেন। তারা দুজন যোগ দিয়েছেন, দুজনকে তিনি মন্ত্রী বানিয়েছেন। আমি তার সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলাম সামরিক বাহিনীতে। আমার মাথায় ঢোকেনি যে, রাজনীতি করতে হবে। পরে যাই হোক, কপালে লিখন না যায় খণ্ডন, ঢুকেছি রাজনীতিতে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ককাসের প্রধান ও বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি বন্ধ করা না গেলে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না। মাহবুব উদ্দিন খোকন বলেন, সংসদ সদস্যরা যদি শপথ নেন যে নিজেরা দুর্নীতি করবেন না এবং অন্যকেও দুর্নীতি করতে দেবেন না, তাহলে দেশের উন্নয়ন অনেক সহজ হবে। শুধু রাজনীতিবিদ নন, নাগরিক সমাজসহ সবাই দুর্নীতি থেকে বেরিয়ে এলে দেশের অন্তত ৪০ শতাংশ অর্থের অপচয় রোধ করা সম্ভব বলে তিনি মনে করেন।
সম্মানিত অতিথি হিসেবে মুক্ত আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ককাসের সহসভাপতি মো. সাইফুল আলম। তিনি বলেন, শহর ও গ্রামের মানুষের জীবনযাত্রায় পার্থক্য থাকলেও সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো প্রায় একই। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও বাসস্থান তাঁদের প্রধান সমস্যা। দুর্নীতির কারণেও অনেকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। এসব সমস্যা সমাধানে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা অংশ নেন। বিভিন্ন দলের মোট ২৫ জন সংসদ সদস্য এই ককাসের সদস্য। ককাস হলো সংসদ সদস্যদের একটি অনানুষ্ঠানিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি, উন্নয়নকর্মী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ককাস গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলা হয়, সুবিধাবঞ্চিত মানুষের অভিজ্ঞতা, বহুমাত্রিক চাহিদা ও অধিকারভিত্তিক দাবিগুলো সংসদীয় আলোচনা, আইন প্রণয়ন, নীতি ও বাজেট প্রক্রিয়ায় কার্যকরভাবে তুলে ধরা হবে। পাশাপাশি গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করা হবে। সামাজিক, জাতিগত ও ধর্মীয় পরিচয়, জেন্ডার, বয়স, ভৌগোলিক অবস্থান, প্রতিবন্ধিতা, শিক্ষা ও দক্ষতা, স্বাস্থ্য, পেশা এবং বিভিন্ন অভিঘাতজনিত কারণে বিপন্ন জনগোষ্ঠীর দাবিগুলো এ ককাসে অগ্রাধিকার পাবে। অনুষ্ঠানে ককাসের সদস্য সংসদ সদস্যরা অভিপ্রায়পত্রে স্বাক্ষর করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









