ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণসহ চার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকরা ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যারা সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দিয়েছেন। বিক্ষোভের পর শিল্পাঞ্চলটির নয়টির মতো পোশাক কারখানায় ছুটি দেওয়া হয়েছে। এদিকে গাজীপুর মহানগরীতে একটি বন্ধ কারখানায় সংঘবদ্ধ লুটপাটের চেষ্টা রুখে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের হাতে আটক নয়জনকে লুটের সহযোগীরা ছিনিয়ে নিয়ে গেলেও লুটের মালামাল জব্দ ও এক সহযোগীকে আটক করতে পেরেছে পুলিশ।
মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে কয়েক সপ্তাহ ধরে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ চলছে। এর সঙ্গে আগের কয়েকদিনের আন্দোলনের প্রেক্ষাপটে অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ বন্ধ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাসন এবং গ্রেফতার হওয়া শ্রমিকদের মুক্তির আরো তিনটি দাবি যুক্ত হয়েছে। তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় গত সোমবার ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ। অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছে এক সপ্তাহ।
বৈঠক শেষে ব্রিফিংয়ে অবশ্য নিম্নতম মজুরি মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, ‘মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ এ লক্ষ্যে আগামী সোমবার ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা ডাকা হয়েছে বলেও জানান তিনি। অনিশ্চিত এই প্রেক্ষাপটই মঙ্গলবার নতুন করে আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকরা। পাশাপাশি তাঁদের অভিযোগ, অক্টোবর মাসের বেতন-ভাতা এখনো পরিশোধ করা হয়নি।
বন্ধ কারখানায় লুটপাট
গাজীপুর মহানগরীর গাছা থানার শরিফপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ পোশাক কারখানায় সংঘবদ্ধ লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক নয়জনকে লুটের সহযোগীরা ছিনিয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন কারখানার মালিকপক্ষ। তবে লুটের মালামাল ভর্তি পিকআপ ও অন্য একজন সহযোগীকে আটক করতে সক্ষম হন তাঁরা। পরে ঘটনাস্থল থেকে মালামাল জব্দ করে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায় পুলিশ।
বুধবার দিবাগত রাতের ওই ঘটনায় ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ কারখানা ভবনটির মালিক মো. মোজাম্মেল হক গতকাল বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, শরিফপুর এলাকায় মোজাম্মেল হকের মালিকানাধীন জমিতে প্রায় ১৯ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারতলা ভবনটিতে কারখানাটি পরিচালিত হতো। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম কোয়েল ফ্রান্সের একজন বিনিয়োগকারীর সঙ্গে যৌথভাবে ২০১৩ সালে উৎপাদন কার্যক্রম শুরু করেন। তবে প্রায় চার বছর আগে বন্ধ হয়ে যায় কারখানাটি। সেটি বন্ধ হলেও প্রতিটি ফ্লোরে যন্ত্রপাতি ও কারখানা সংশ্লিষ্ট বিভিন্ন মালামাল ছিল। কিছু কাঁচামাল ও উৎপাদিত কাপড়ও বিভিন্ন ফ্লোরে মজুদ ছিল। কিন্ত বন্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে সেখানে চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ মালিকপক্ষের। এসব ঘটনায় এরই মধ্যে গাছা থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গতকাল দিবাগত রাতে দেশি অস্ত্র নিয়ে আনুমানিক নয়জনের একটি দল কারখানাটিতে প্রবেশ করে। তারা প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল একটি পিকআপে তুলতে থাকে। আশপাশের মার্কেটের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে মালিকপক্ষের লোকজন ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় পিকআপভর্তি মালামালসহ নয়জনকে আটক করা হয়। অভিযোগে বলা হয়, আটকদের পুলিশে সোপর্দ করার প্রস্তুতি হিসেবে কারখানার একটি কক্ষে আটকে রাখা হয়। কিন্তু একপর্যায়ে অজ্ঞাতপরিচয় বেশ কিছু লোক অতর্কিতে সেখানে হামলা করে এবং তালা ভেঙে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। এ সময় একজনকে আটক করতে সক্ষম হন স্থানীয় লোকজন। আটক হওয়া শরিফুল ইসলাম রাজধানীর মিরপুর এলাকায় শ্রমিকের কাজ করেন বলে জানা গেছে। কারখানা ভবনের মালিক মোজাম্মেল হক জানান, তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাটি থানায় জানালে পুলিশ এসে আটক ব্যক্তি ও জব্দ পিকআপসহ মালামাল থানায় নিয়ে গেছে।
গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) নিজামুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মালামাল জব্দ এবং একজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রব্বানী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাউন্ড গ্রেনেড ছুড়ে পোশাকশ্রমিকদের সরাল পুলিশ
গতকাল সকাল নয়টার দিকে কাজে যোগ না দিয়ে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দেন। শ্রমিকদের অবরোধে মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে অবরোধ সরলে যান চলাচল আবার শুরু হয়। এ পরিস্থিতিতে নয়টির মতো কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৌচাকের কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে গেলেও কাজে যোগ না দিয়ে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। তখন ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে নিরাপত্তার স্বার্থে মৌচাক ও আশেপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, একদল শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন। সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়। পল্লীবিদ্যুৎ এলাকার শ্রমিকরাও মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া জরুন এলাকায়ও শ্রমিকরা অবস্থান নেওয়ার চেষ্টা চালালেও পরে নিজেরাই সরে যান।
বোর্ডের তৃতীয় সভা সোমবার
গার্মেন্টস শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরির হার সুপারিশ করার লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার ১৬ নভেম্বর বেলা ১১টায় ডেকেছেন চেয়ারম্যান ও জেলা জজ সৈয়দ আজাদ সুবহানী। গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বোর্ডের শিল্প শাখার নোটিশে জানানো হয়েছে, বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে এবারের সভা হবে শ্রম অধিদপ্তরে। সভাটি আগে সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব কার্যালয়ে হওয়ার কথা ছিল। তবে সভাকক্ষে স্থান সংকুলান না হওয়ায় এবং শ্রমিক ও সংবাদকর্মীদের অনুরোধে যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সভার স্থান বদলানো হয়েছে। সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং এই খাতে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন সম্পর্কিত আলোচনা হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









