আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর এই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেল বৃদ্ধি, ৬ হাজার ২০০ টন খেজুরসহ বিপুল পরিমাণ পণ্য আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
পাশাপাশি দেশের জ্বালানি ও যোগাযোগ খাত সচল রাখতে এলএনজি আমদানি এবং বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবেও নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মন্ত্রিসভা কমিটির ৫ প্রস্তাবে নীতিগত অনুমোদন: সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চলতি বছরের ৩৭তম সভা অনুষ্ঠিত হয়। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তিনটি এবং বাণিজ্য মন্ত্রণালয় ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একটি করে মোট পাঁচটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আসন্ন রমজানে টিসিবির মাধ্যমে বিতরণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাবে নীতিগত সুপারিশ করা হয়েছে। জরুরি জাতীয় প্রয়োজন বিবেচনায় সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুযায়ী দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার নির্ধারিত সময় কমানোরও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে তিনটি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সুপারিশ করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো—জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড (জেরাগম), সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভ। জেরাগমের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) এবং টার্ম শিটের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরের প্রস্তাবও এতে অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাবটিও অনুমোদিত হয়েছে।
টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ:আসন্ন রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে টিসিবি। গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা বাড়ছে ৭০টি। এর ফলে উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে বেড়ে ৪০ লাখে উন্নীত হবে; অর্থাৎ নতুন করে আরও ৬ লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন। স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদের জন্য খোলাবাজারে বিক্রির (ওএমএস) উদ্যোগও নেওয়া হচ্ছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থার নিজস্ব ক্রয় পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে। স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরেও অতিরিক্ত বিক্রির লক্ষ্যে ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ এবং দরপত্র আহ্বান করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে টিসিবির ক্রয় পরিকল্পনার আওতায় স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্যমতে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের আমদানি গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
পণ্যের আমদানি ও এলসি খোলার তুলনামূলক চিত্র তুলে ধরা হলো: পণ্যের নাম অর্থবছরে আমদানি (১ জুলাই - ২৫ অক্টোবর) গত অর্থবছরের একই সময়ে আমদানি চলতি অর্থবছরে এলসি খোলা হয়েছে, ভোজ্যতেল ৮ লাখ ২৩ হাজার টন ৭ লাখ ৫ হাজার টন ৮ লাখ ৫ হাজার টন, সয়াবিন বীজ ৫ লাখ ১ হাজার টন ৩ লাখ ৮৮ হাজার টন,
চিনি ৬ লাখ ৮৭ হাজার টন ৫ লাখ ৩৪ হাজার টন ৮ লাখ ১০ হাজার টন, ছোলা ৮২ হাজার টন, ১২ হাজার টন ১ লাখ ৩৮ হাজার টন, মসুর ডাল ১ লাখ ২২ হাজার টন ৫৮ হাজার টন, ১ লাখ ১৪ হাজার টন, খেজুর ১১ হাজার টন ৪ হাজার টন।
রমজান শুরুর সম্ভাব্য তারিখ: হিজরি ১৪৪৮ সনের ষষ্ঠ মাস জমাদিউস সানির গণনা শুরু হওয়ায় পবিত্র রমজান শুরু হতে আর মাত্র ৮৯ থেকে ৯০ দিনের মতো বাকি রয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু হয়েছে। এরপর রজব ও শাবান মাস শেষ হলেই শুরু হবে সিয়াম সাধনার মাস।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের তথ্য অনুযায়ী, চন্দ্রবর্ষের কারণে প্রতিবছর গ্রেগরীয় বর্ষপঞ্জিতে রমজান ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সে হিসাবে আগামী ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে এবং ৮ ফেব্রুয়ারি (সোমবার) প্রথম রোজা শুরু হতে পারে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে জাতীয় চাঁদ দেখা কমিটি যথাসময়ে রোজা শুরুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









