অর্থকষ্ট, মহামারি, সংঘাত-অস্থিরতাসহ নানা কারণে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে মানুষের আচরণ। হুটহাট রেগে যাওয়া, বিষন্নতা, উদ্বেগ ও মানসিক চাপে বিপন্ন গোটা সমাজ ব্যবস্থা। নেই মানসিক চিকিৎসার পর্যাপ্ত সুযোগ। দেশে এই সেবা থেকে বঞ্চিত সিংহভাগ মানুষ। প্রতি পাঁচ লাখ মানুষের জন্য রয়েছেন মাত্র একজন সাইকিয়াট্রিস্ট (মনোরোগ বিশেষজ্ঞ)। শুধু তা-ই নয়, রিকশাওয়ালার সঙ্গে ভাড়া নিয়ে তর্ক, বাসের কন্ডাক্টরের সঙ্গে খুচরা নিয়ে ঝামেলা, কথা কাটাকাটি। একটুতেই মেজাজ হচ্ছে চড়া। বিশেষজ্ঞরা বলছেন, মানসিক স্বাস্থ্যসেবা প্রান্তিক দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজন কার্যকর উদ্যোগ।
এদিকে সবশেষ জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ বলছে, প্রয়োজনীয় সেবা পান না প্রায় ৯১ শতাংশ মানুষ- অর্থাৎ প্রতি ১০ জনে ৯ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে শুধু রাজধানী কেন্দ্রিক নয়, প্রান্তিক পর্যায়েও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।
অভিভাবকদের মতে, ঝড়, বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়া, এভাবেই আমাদের ছুটে চলতে হয়। একদিকে ছুটে চলা আর অন্যদিকে অ্যাম্বুলেন্সের সাইরেন। মাঝখানে এই সময়টুকুই আমাদের যাপিত জীবন। এই জীবনকে আমরা কতটুকু উপভোগ করতে পারছি? কতটুকুই বা মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারছি? বিশেষজ্ঞরা বলছেন, বাঁচার মতো বেঁচে থাকতে হলে প্রয়োজন মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া।
বেসরকারি চাকরিজীবী আবু নাঈম। মাথায় কেবলই চিন্তা সেলসের টার্গেট পূরণ হবে তো? অকপটে বললেন, শুধু দিন নয়, রাতের ঘুমটাও বিক্রি করে দিয়েছেন তিনি। নাঈম দৈনিক এদিনকে বলেন, নিজেদের বিসর্জন দিয়েই তারপরে চাকরিতে করতে হয়। রাতের ঘুম বলেন, শখের জিনিস বলেন, বন্ধুবান্ধব আড্ডা বলেন- সবকিছু থেকেই বিরত রাখতে হয়।
জরিপ বলছে, দেশের প্রতি ১০০ জনে প্রায় ১৯ জন বিষণ্ণতা, উদ্বেগ ও মানসিক চাপের মতো সমস্যায় ভুগছেন। ছোট ছোট ঘটনা হঠাৎ রূপ নিচ্ছে বড় কোনো ঘটনায়। মূল্যস্ফীতির চাপে আয়-বায়ে বেসামাল মানুষের বাজারে গেলেই যেন উবে যায় মেজাজ। এছাড়া বাজারে ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘বাজারে ঢুকলে মেজাজ ঠিক রাখা যায় না। মাছ-মাংস তো দূর, কোনো সবজিই পাবেন না ৮০-১০০ টাকার নিচে।’
এ বিষয়ে শুধু প্রাপ্তবয়স্কই নয়, মানসিক চাপ যেন গ্রাস করেছে শিশুসমাজকে। স্কুলের ব্যাগের ওজন যেন বাড়ছে জ্যামিতিক হারে। খেলার মাঠ নেই, বন্ধুদের সঙ্গে কাটানো বিকেল নেই, একসঙ্গে গান গাওয়া শৈশব যেন কোথায় হারিয়ে গেছে। যে কারণে বাধ্য হয়েই তারা ডুবে গেছে মুঠোফোনে। অভিভাবকরাও দেখছেন তাদের আচরণগত নানা পরিবর্তন। প্রতি ১০০ জন শিশুর মধ্যে ২৪ জন শিশু ভুগছে মানসিক স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যায়।
আবুল হোসেন নামের এক অভিভাবক বলেন, ‘শিশুরা হঠাৎ করে সবার সাথে মিশতে পারে না। ওরা খুবই একাকিত্ব বোধ করে। যে কারণে ওরা নিজেদের মতো করে থাকতে পছন্দ করে, ডিভাইস নিয়ে থাকতে পছন্দ করে।’
কথা হয় তামিম হাসান নামের এক কলেজ শিক্ষার্থীর সাথে। এদিনকে তিনি বলেন, করোনার পর থেকে মানুষের মস্তিষ্ককে মোবাইল ফোন এমনভাবে দখল করেছে যে, এটা মানুষ না চাইলেও বাধ্য হয়ে ধরে। মানুষের চাওয়ার দরকার নেই, এটা একটা ডোপামিনের দোষ। মানুষের ডোপামিন সিস হওয়ার কারণে এসব হয়। সমাজ বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে চলে আসা সমাজব্যবস্থার বিপরীতে বাণিজ্যিক ও সামাজিক জীবনযাপন প্রতিফলিত হচ্ছে মানুষের আচরণে।
বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপের কথা শুনলেই আমরা সাধারণত বিরক্তি, দুশ্চিন্তা কিংবা অসুস্থতার কথা ভাবি। কিন্তু মজার বিষয় হলো, সব মানসিক চাপ ক্ষতিকর নয়। যেমন ধরুন, রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগতির একটি গাড়ি সামনে চলে এলো। তখন শরীর মুহূর্তেই সতর্ক হয়ে ওঠে। হৃৎস্পন্দন বেড়ে যায়, পেশি সক্রিয় হয়। দ্রুত সরে যাওয়ার জন্য শরীর প্রয়োজনীয় শক্তি জোগায়। এটি একটি স্বল্পমেয়াদি মানসিক চাপের উদাহরণ। গবেষক টমাস কার্নার বিষয়টি বোঝাতে সিংহের হাত থেকে পালানো একটি জেব্রার উদাহরণ দিয়েছেন। জেব্রাটি যখন সিংহকে দেখে, তখন তার শরীর দ্রুত বিপদ মোকাবিলার প্রস্তুতি নেয়। এই মুহূর্তে স্ট্রেস তার শত্রু নয়, বরং জীবন বাঁচানোর সহায়ক।
বিশেষজ্ঞদের মতে, সমস্যা হয় যখন বিপদ চলে যাওয়ার পরও শরীরের এই সতর্কাবস্থা বন্ধ হয় না। মানুষের ক্ষেত্রে কাজের চাপ, পারিবারিক দুশ্চিন্তা, আর্থিক অনিশ্চয়তা কিংবা প্রতিনিয়ত নানা সমস্যার কারণে এমনটা হতে পারে। দীর্ঘদিন ধরে এমন চাপ চলতে থাকলে শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। প্রভাব পড়তে পারে মস্তিষ্ক, রোগ প্রতিরোধব্যবস্থা ও অন্ত্রের স্বাস্থ্যে। গবেষকদের ধারণা, অন্ত্রে অণুজীবের বৈচিত্র্য বেশি থাকলে শরীর এ ধরনের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছুটা সুবিধা পেতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে আরো গবেষণা প্রয়োজন।
এ বিষয়ে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক দৈনিক এদিনকে বলেন, ‘আমাদের যে যাপিত জীবন ব্যবস্থা সূত্র ধরে অগ্রহণযোগ্য কিংবা আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক যে পরিমাপ আছে, আমাদের যে নির্দেশনা আছে, এর বিপরীত বাস্তবতার মধ্যে দিয়ে আমরা যে যাচ্ছি, আমাদের সামাজিকভাবে সংবেদনশীল হওয়ার পরিবর্তে আমাদের মধ্যে একটা অসহিষ্ণুতা বৃদ্ধি করছে, আমাদেরকে নানা ধরনের অপরাধ কিংবা সমাজবিরুদ্ধ আচরণের দিকে ধাবিত করছে।’
এ ব্যাপারে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মো. তৈয়বুর রহমান এদিনকে বলেন, ‘প্রান্তিক মানুষও যাতে মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আসতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। এ জন্য দরকার আসলে গবেষণা লব্ধ তথ্যের ব্যবহার। আমাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সঠিক নীতি এবং তার বাস্তবায়ন এবং অতি অবশ্যই মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বাজেটের বরাদ্দ বৃদ্ধি। সারা দেশে সাইকিয়াট্রিস্ট আছেন মাত্র ৩৮০ জনের মতো। গড়ে প্রতি পাঁচ লাখ মানুষের জন্য রয়েছে মাত্র একজন মানসিক রোগের চিকিৎসক। যা ভবিষ্যৎ প্রজন্মকে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলতে পারে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








