জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ (জিসিএফ) থেকে প্রথমবারের মতো অর্থ পেতে যাচ্ছে বাংলাদেশসহ ছয়টি দেশ। এর মধ্যে উপকূলীয় এলাকার মানুষের জন্য বাংলাদেশ পাবে ৩ কোটি ডলার। জলবায়ু ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম গত বুধবার সন্ধ্যায় তুরস্কের আনতালি এক্সপো সিটিতে বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এ তথ্য জানান। একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. সাইমুম রেজাও বক্তব্য দেন। এদিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এসব দেশের জন্য পর্যাপ্ত ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) দাতাদের জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ বৃদ্ধির দাবি জানান তিনি।
বুধবার বিকালে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) বাংলাদেশ প্যাভিলিয়নে ‘বাংলাদেশে জলবায়ু অভিযোজন: জাতীয় সাফল্য থেকে বৈশ্বিক পর্যায়ে সম্প্রসারণ‘ শিরোনামে এক অনুষ্ঠানে যোগ প্রতিমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিও (ইউএনডিপি) বাংলাদেশ প্যাভিলিয়নে যৌথভাবে আরো কয়েকটি অনুষ্ঠান আয়োজন করা হয়।
পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং নিজস্ব অর্থায়নে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ নিজস্ব সম্পদ ব্যবহার করে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে এবং ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ুসংশ্লিষ্ট ব্যয় চিহ্নিত করার ব্যবস্থা চালু করেছে। দেশের মোট অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮ শতাংশ জাতীয় বাজেট থেকে নির্বাহ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এটি বাংলাদেশের নিজস্ব অঙ্গীকার ও প্রচেষ্টার প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘আমরা দুটি মন্ত্রণালয় সম্মেলনকে কেন্দ্র করে একাধিক আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি। আমাদের প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সরকারের বৃক্ষরোপণের কথা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এসব বৈঠক ফলপ্রসূ হয়েছে। পাটজাত পণ্য নিয়ে কথা হয়েছে। তারা সহযোগিতা করার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী জোবাইদা রহমানও এরদোয়ানের স্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বলে জানান শামা ওবায়েদ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. সাইমুম রেজাও বক্তব্য দেন।
এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু অভিযোজন ও উন্নয়ন পরস্পর সম্পর্কযুক্ত। কার্যকর অভিযোজন ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি সুরক্ষিত রাখা সম্ভব নয়। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটলেও বাংলাদেশের জলবায়ু ঝুঁকি কমবে না। তাই অভিযোজন অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমের অর্জন ও ভবিষ্যৎ অগ্রাধিকার তুলে ধরে বক্তব্য দেন।
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
এদিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
এর আগে বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আনতালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়। সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া সেখানে বাংলাদেশ প্যাভিলিয়ন ও গ্রিন জোনে স্থাপিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








