আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’। ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যের প্যাকেটে বাধ্যতামূলক সতর্কবার্তা চালুর দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।
এদিকে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব- আজ ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে গতকাল শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।
গতকাল শুক্রবার বিজ্ঞপ্তিতে ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’ দাবি জানায় প্রজ্ঞা। বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য তুলে ধরে বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। তাদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশই জানতেন না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত।’
সংস্থার তথ্যমতে, খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে সতর্কবার্তা বা ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) চালু হলে ভোক্তারা সহজেই ক্ষতিকর উপাদান সম্পর্কে জানতে পারবেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’-এর খসড়া দ্রুত চূড়ান্ত করার দাবি জানিয়েছে প্রজ্ঞা।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপের অংশ হিসেবে খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত চিনি ও অন্যান্য স্বাস্থ্যক্ষতিকর উপকরণ সম্পর্কে জানা ভোক্তার অধিকার।
ডায়াবেটিসের ঝুঁকিতে তরুণরা
ডায়াবেটিসের ঝুঁকিতে পড়ছেন তরুণরা। যে কারণে আক্রান্তদের একটি বড় অংশই তরুণ। কায়িক শ্রম না করা, বাড়তি ফাস্টফুড খাওয়া, হাঁটাচলা কম করা, মোবাইল আসক্তি, অতিরিক্ত চিনি খাওয়াসহ নানা কিছু এর অন্যতম কারণ। ‘ডায়াবেসিটি-যমজ মহামারি: বৈশ্বিক ফলাফল এবং ব্যবস্থাপনার আপডেট’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এসব বিষয় তুলে ধরেন চট্টগ্রামের ডায়াবেটিস বিশেষজ্ঞরা। এদিকে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যাপক ডা. ফারহানা আকতার বলেন, ‘জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে একেবারে মূল পর্যায় থেকে, অর্থাৎ পরিবার ও শিশুকাল থেকেই ইতিবাচক ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে। রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে সুস্থ অভ্যাস গড়ে তোলার মাধ্যমে প্রতিরোধই বেশি কার্যকর ও টেকসই।’
উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ ডায়াবেটিস ও এর দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে আলোচনা করেন। দীর্ঘদিন রক্তে শর্করা অনিয়ন্ত্রিত থাকলে চোখ, কিডনি, স্নায়ু, হৃদ্যন্ত্র ও রক্তনালি এবং পায়ের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। তাই শুরু থেকেই নিয়ন্ত্রণ, নিয়মিত পরীক্ষা এবং জটিলতার প্রাথমিক শনাক্তকরণ অত্যন্ত জরুরি।’
সচেতনতায় ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।‘ আজ ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়।
ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এর জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে। দেশের মানুষের দোরগোড়ায় ডায়াবেটিস চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টা প্রশংসার দাবিদার।
বাণীতে প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সব সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬‘ উপলক্ষে গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করেন।
চট্টগ্রামের সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. সুমন রহমান চৌধুরী। বিশেষজ্ঞ ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান ডা. মাসুদ করিম এবং চমেক হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রফিক উদ্দিন। আরও উপস্থিত ছিলেন হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের এফসিপিএস (প্রশিক্ষণার্থী) ডা. মো. ইব্রাহিম চৌধুরী ও ডা. রাইয়ানা ওয়ালী। প্রসঙ্গত, প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। প্রতিবারের মতো এবারও দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে চমেক হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









