দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ১ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাদের অর্ধেকেরও বেশি জানেন না যে তারা এ রোগে ভুগছেন। ফলে অনেক ক্ষেত্রে রোগ শনাক্ত হচ্ছে দেরিতে। এতে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া, দৃষ্টিশক্তি হারানোসহ নানা জটিলতার ঝুঁকি বাড়ছে।
আজ ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডায়াবেটিসের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ’। রোগটি দ্রুত শনাক্ত করা, সময়মতো চিকিৎসা নিশ্চিত করা এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানোর বিষয়ে সচেতনতা বাড়ানোই এবারের প্রচারের মূল লক্ষ্য।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ২০২৫ সালের ডায়াবেটিস অ্যাটলাসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার ৪০০ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। প্রাপ্তবয়স্কদের মধ্যে এ রোগের বিস্তারের হার ১৩ দশমিক ২ শতাংশ। আক্রান্ত মানুষের সংখ্যার হিসাবে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান জানিয়েছেন, দেশে ডায়াবেটিসে আক্রান্ত অন্তত ৫০ শতাংশ মানুষ জানেন না যে তারা এ রোগে আক্রান্ত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানো এবং সচেতনতার অভাবে অনেকের ক্ষেত্রে রোগটি শনাক্ত হচ্ছে না। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে অনেক সময় উল্লেখযোগ্য কোনো উপসর্গ দেখা যায় না।
বিশ্বজুড়ে বাড়ছে ডায়াবেটিসের প্রকোপ
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ৫৮ কোটি ৯০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। অর্থাৎ প্রতি ৯ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন এ রোগে ভুগছেন। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ বিশ্বে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৮৫ কোটিতে পৌঁছাতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের ৪০ শতাংশের বেশি জানেন না যে তারা এ রোগে ভুগছেন। সময়মতো রোগ শনাক্ত না হওয়ায় অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ, যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা তৈরি হওয়া ইনসুলিন যথাযথভাবে কাজ করতে পারে না। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। রোগটি নিয়ন্ত্রণে না রাখলে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।
কেন বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি
পরিবর্তিত জীবনযাপন, শারীরিক পরিশ্রমের অভাব, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত ওজন ডায়াবেটিসের অন্যতম ঝুঁকির কারণ। বিশেষ করে ফাস্টফুড, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ও ক্যালরিসমৃদ্ধ খাবার গ্রহণের প্রবণতা বাড়ায় এ ঝুঁকি।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের মতে, জীবনযাত্রায় পরিবর্তন আনার মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসের প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রে ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত হাঁটা ও ব্যায়াম এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বিশেষজ্ঞরা বলছেন, পরিবারের কারও ডায়াবেটিস থাকলে অন্য সদস্যদেরও এ রোগের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হবে। বিশেষ করে যাদের বাবা-মা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা প্রয়োজন।
যেসব লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে
ডায়াবেটিসের কিছু সাধারণ লক্ষণ রয়েছে। এর মধ্যে অতিরিক্ত পিপাসা পাওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, অকারণে ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা এবং ঝাপসা দেখা অন্যতম।
টাইপ-১ ডায়াবেটিস দ্রুত দেখা দিতে পারে এবং যেকোনো বয়সেই হতে পারে। অন্যদিকে টাইপ-২ ডায়াবেটিস সাধারণত ধীরে ধীরে বিকশিত হয়। প্রাথমিক পর্যায়ে অনেকের শরীরে কোনো লক্ষণ প্রকাশ পায় না। তাই শুধু উপসর্গের অপেক্ষায় না থেকে প্রয়োজন অনুযায়ী রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা জরুরি।
চিকিৎসকদের মতে, ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর নিয়মিত চিকিৎসা গ্রহণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন ব্যবহার এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা প্রয়োজন। নিজে থেকে ওষুধ বন্ধ করা বা পরিবর্তন করা উচিত নয়।
ডায়াবেটিস দিবসে বাংলাদেশে নানা কর্মসূচি
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকায় শাহবাগের বারডেম প্রাঙ্গণ থেকে সকাল সাড়ে ৮টায় সচেতনতামূলক শোভাযাত্রা বের হওয়ার কর্মসূচি রয়েছে। সকাল ১০টায় বারডেম মিলনায়তনে চিকিৎসক ও রোগীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব এবং দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বারডেম প্রাঙ্গণে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ১৪ নভেম্বর সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট সোসাইটি ও জাতীয় স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের বিভিন্ন কেন্দ্রেও বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত ৮০ শতাংশ মানুষকে রোগ শনাক্তকরণের আওতায় আনা, শনাক্ত হওয়া রোগীদের ৮০ শতাংশের রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা এবং টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শতভাগ মানুষের জন্য সাশ্রয়ী ইনসুলিন ও রক্তে শর্করা পরীক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে।
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যক্তি, পরিবার, চিকিৎসক এবং সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে এ রোগের জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








