বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে (একিউআই) ঢাকার স্কোর ১৯৪, যা বাতাসের মান অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। আর ২২৭ স্কোর নিয়ে দূষণের এই তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী নয়াদিল্লি।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।
বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২২৭। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, যার স্কোর ২০৬। তালিকার পঞ্চম স্থানে রয়েছে চায়নার বেইজিং শহর, যার স্কোর ১৬৫। ১৬১ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মিশরের কায়রো।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








