কৃষ্ণসাগরে রোমানিয়ার দানিউব নদীর মোহনার কাছে ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর জাহাজ দুটিতে আগুন ধরে গেলেও নাবিকদের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (১৫ নভেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৪ নভেম্বর) রাতে পৃথক দুটি ড্রোন হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটের দিকে রোমানিয়ার সুলিনা বন্দরের প্রায় চার নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণ-পূর্বে গ্রিসের পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এভিয়া পেট্রল ফাইভ’-এ আঘাত হানে একটি ড্রোন। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।
এর প্রায় ৩৫ মিনিট পর রাত ৯টা ৪৫ মিনিটে সুলিনা খালের দক্ষিণ-পূর্বে পাঁচ নটিক্যাল মাইল দূরে ‘মারসোল’ নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে দ্বিতীয় ড্রোনটি আঘাত হানে। এ জাহাজেও আগুন ছড়িয়ে পড়ে। পরে দুই জাহাজের নাবিকেরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ঘটনার সময় দেশটির সামরিক রাডারে স্নেক আইল্যান্ডের পূর্ব দিকে একটি আকাশপথের লক্ষ্যবস্তু শনাক্ত হয়। এরপর পরিস্থিতি পর্যবেক্ষণে ফেতেস্তির ৮৬তম বিমানঘাঁটি থেকে দুটি এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো হয়।
ইউক্রেনের সঙ্গে সীমান্ত থাকা এবং ন্যাটোর সদস্যদেশ রোমানিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে নিজেদের আকাশসীমার কাছাকাছি বিভিন্ন ধরনের ড্রোন হুমকির মুখে পড়ছে। এ কারণে দেশটিকে প্রায়ই যুদ্ধবিমান মোতায়েন এবং নাগরিকদের সতর্কতা জারি করতে হচ্ছে।
তবে সর্বশেষ হামলার জন্য কোন দেশ বা পক্ষ দায়ী, তা এখনো নিশ্চিত করেনি রোমানিয়ার কর্তৃপক্ষ। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এ ঘটনা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








