ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত একটি কুকুরের মাংস খেতে দেখা গেছে এক ব্যক্তিকে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, মানেস্বর চকের কাছে কোনো একটি গাড়ির ধাক্কায় কুকুরটি মারা যায়। পরে মৃত কুকুরটি রাস্তার পাশে পড়ে ছিল। একপর্যায়ে স্থানীয়রা দেখতে পান, এক ব্যক্তি কুকুরটির পাশে বসে তার শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং চরম অসহায় অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা ও অস্বাভাবিক আচরণ দেখে এমন ধারণা করেন তারা। ব্যক্তিটির এমন আচরণ থেকে তীব্র ক্ষুধা এবং ন্যূনতম মৌলিক সহায়তা না পাওয়ার বিষয়টিও সামনে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ওই ব্যক্তিকে মৃত কুকুরের মাংস খাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। তবে প্রথমদিকে স্থানীয়দের কথায় কর্ণপাত না করে তিনি খাওয়া চালিয়ে যান।
হৃদয়বিদারক এ ঘটনার পর ভারতে রাস্তায় বসবাসকারী ছিন্নমূল মানুষের ক্ষুধা, দারিদ্র্য ও মানসিক স্বাস্থ্যসংকট মোকাবিলার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই স্তম্ভিত হয়েছেন। একই সঙ্গে কী পরিস্থিতিতে একজন মানুষ এমন চরম কাজ করতে বাধ্য হলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত বিষয়টি আমলে নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই ব্যক্তিকে শনাক্ত করে তার জন্য পর্যাপ্ত খাবার, নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








